রাজাভাতখাওয়ায় আন্দোলনের ঝাঁঝ বাড়ছে, ডুয়ার্সকন্যায় আমরণ রিলে অনশনের হুমকি
  • ২৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: জঙ্গলের অধিকারের দাবিতে রাজাভাতখাওয়ায় বক্সার ১৮টি গ্রামসভার যৌথ সংগ্রামী মঞ্চের আন্দোলন সোমবার ২১ দিনে পড়ল। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে, সোমবার এই আন্দোলন কার্যত চরমে পৌঁছায়। এদিন আন্দোলনকারীরা রাজাভাতখাওয়ায় রাজ্য সড়কের উপর অবস্থিত বনদপ্তরের টিকিট কাউন্টারের সামনে ধরনা অবস্থান করে বিক্ষোভ দেখান।  আন্দোলনকারীদের বিক্ষোভের জেরে প্রায় সাড়ে তিন ঘন্টা বনদপ্তরের ওই টিকিট কাউন্টারটি বন্ধ থাকে। পরে আন্দোলনকারীরা মিছিল করে রাজাভাতখাওয়া রেঞ্জ অফিসে পৌঁছে ডেপুটেশন দেন। কি কারণে পূর্ত দপ্তরের রাজ্য সড়কের উপর টিকিট কাউন্টারে টাকা নেওয়া হচ্ছে ডেপুটেশনে তা জানতে চেয়েছেন আন্দোলনকারী বনবস্তিবাসীরা। বনদপ্তর আগামী দুই দিনের মধ্যে সেই কারণ না জানালে বুধবার থেকে আন্দোলনকারীরা জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যার পাশে আমরণ রিলে অনশনের হুমকি দিয়েছেন। যদিও বনমন্ত্রী ১ নভেম্বর আলোচনার বিষয়ে সায় দিয়েছেন।

Advertisement

এদিকে, বনবস্তিবাসীদের এই ধারাবাহিক আন্দোলনের জেরে সোমবার জয়ন্তী ও রাজাভাতখাওয়া থেকে সাফারি বন্ধ থেকেছে। আন্দোলনের জেরে এদিনও বক্সা পাহাড়, জয়ন্তী ও রাজাভাতখাওয়ার হোমস্টেগুলি বন্ধ ছিল। সব মিলিয়ে বক্সার পর্যটনের এই ধারাবাহিক অচলাবস্থা কাটার কোনো লক্ষণ নেই।
বক্সার এই আন্দোলনকারীদের অন্যতম অয়ন নাইডু বলেন, আমরা ২১ দিন ধরে শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করে যাচ্ছি। আমরা বনদপ্তরকে ২৫ তারিখের মধ্যে আমাদের সঙ্গে আলোচনায় বসার সময়সীমা দিয়েছিলাম। আমরা এও জানিয়ে দিয়েছি, বনদপ্তর এই সময়সীমার মধ্যে আলোচনায় না বসলে সোমবার থেকে আমরা আরও বড় আকারে আন্দোলনে নামব। কিন্তু বনদপ্তর আলোচনায় বসে নি। তাই পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে সোমবার আমরা বনদপ্তরের টিকিট কাউন্টারের সামনে ধরনা অবস্থান করে বিক্ষোভ দেখিয়েছি। বনজন শ্রমজীবী মঞ্চের উত্তরবঙ্গের আহ্বায়ক লালসিং ভূজেল বলেন, বনদপ্তরকে আমাদের দেওয়া সময়সীমা শেষ। বুধবার থেকে আমরা জঙ্গলের অধিকারের দাবিতে ডুয়ার্সকন্যার পাশে আমরণ রিলে অনশনে বসছি। বনবস্তিবাসীরা দফায় দফায় এই অনশন কর্মসূচিতে অংশ নেবেন।
এদিকে, বনদপ্তর আগামী ১ নভেম্বর আন্দোলনকারীদের সঙ্গে এই ইস্যুতে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে। যদিও আন্দোলনকারীদের বক্তব্য, বনদপ্তর তাঁদের মৌখিকভাবে এই প্রস্তাব দিয়েছে। তাই এই প্রস্তাবের কোনো ভিত্তি নেই।
বনমন্ত্রী মনোজকুমার ওরাওঁ বলেন, ১ নভেম্বর আলোচনায় বসার জন্য  আন্দোলনকারীদের প্রস্তাব দেওয়া হয়েছে। আশা করছি আলোচনার মাধ্যমে সব সমস্যা মিটে যাবে। 
• নিজস্ব চিত্র।