Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বৃষ্টিতে মাটি ধুয়ে গতি হারাচ্ছে প্রতিমা তৈরির কাজ

বৃষ্টির কারণে সমস্যার মুখে কুমোরটুলি। সোমবার প্রতিমা তৈরির কাজ পড়ে সমস্যার মুখে। ত্রিপল, প্লাস্টিক ঢাকার দিয়েও লাভ হয়নি।

বৃষ্টিতে মাটি ধুয়ে গতি হারাচ্ছে প্রতিমা তৈরির কাজ
  • ১৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃষ্টির কারণে সমস্যার মুখে কুমোরটুলি। সোমবার প্রতিমা তৈরির কাজ পড়ে সমস্যার মুখে। ত্রিপল, প্লাস্টিক ঢাকার দিয়েও লাভ হয়নি। কাজ বন্ধ রাখতে হয়েছে। কয়েকজন শিল্পী মাটি জমিয়ে রেখেছিলেন। তা বৃষ্টির জলে গলে ধুয়ে যায়। ফলে ক্ষতির মুখে পড়তে হয় শিল্পীদের। পটুয়াপাড়ায় দুর্গা প্রতিমার কাজে যুক্ত আছেন শিল্পী সহ প্রায় দুই শতাধিক কারিগর। তাঁদের মধ্যে অনেকে ক্ষতির মুখে পড়েছেন।

Advertisement

কুমোরটুলির শিল্পীরা জানান, সকাল থেকে বৃষ্টি হওয়ায় দুর্যোগের পরিস্থিতি। ফলে কাজের গতি কমে গিয়েছে। জলের ঝাপটায় কাজ করতে সমস্যায় পড়তে হয়েছে। এইভাবে চলতে থাকলে পুজোর আগে পরিস্থিতি কঠিন আকার নেবে। তৈরি হয়ে যাওয়া মূর্তি ক্ষতিগ্রস্ত হবে। সবমিলিয়ে শ্রাবণের শেষদিকে বৃষ্টিপাতের কারণে মৃৎশিল্পীদের পড়তে হয় সমস্যার মুখে।
মঙ্গলবার সংক্রান্তি। মনসা পুজো। পটুয়াপাড়াতে শতাধিকের উপর মনসা মূর্তির বরাত এসেছে। রবিবার কয়েকজন প্রতিমা নিয়ে গিয়েছেন। সোমবার ভরা বৃষ্টির মধ্যেও অনেকে প্লাস্টিক দিয়ে ঢেকে গাড়ি বা তিনচাকার ভ্যানে প্রতিমা নিয়ে যান। বৃষ্টির কারণে প্রতিমার রং ক্ষতিগ্রস্ত হয়। শিল্পীরা ফের রূপটান করেন। মৃৎশিল্পীরা বলেন, সাধ্যমতো চেষ্টা করেছি প্রতিমা অক্ষত অবস্থায় ডেলিভারি করার। সবমিলিয়ে বৃষ্টির কারণে রবীন্দ্র সরণি, কুমোরটুলি স্ট্রিট, বনমালি সরকার স্ট্রিট সহ পটুয়াপাড়ার বিস্তীর্ণ এলাকায় ঘুরে একই ছবি দেখা গিয়েছে। শিল্পী সমর পাল, বরুণ পাল, রাজা পালদের বক্তব্য, ‘প্রতিমা সময়মতো উদোক্তাদের হাতে তুলে দিতে হবে। তা নিয়ে এখন চিন্তায় আছি।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ