Bartaman Logo
৯ জুন, ২০২৬

কাশ্মীর থেকে পর্যটকদের বাড়ি ফেরাতে হিমশিম রেল, আকাশছোঁয়া বিমানভাড়া

বিমানের ভাড়া আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে কাশ্মীর থেকে ‘ঘর ওয়াপসি’র জন্য রেলপথকেই বেছে নিতে চাইছেন পর্যটকদের একটি বড় অংশ।

কাশ্মীর থেকে পর্যটকদের বাড়ি ফেরাতে হিমশিম রেল, আকাশছোঁয়া বিমানভাড়া
  • ২৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিমানের ভাড়া আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে কাশ্মীর থেকে ‘ঘর ওয়াপসি’র জন্য রেলপথকেই বেছে নিতে চাইছেন পর্যটকদের একটি বড় অংশ। অথচ তাঁদের বাড়ি ফেরাতে একপ্রকার হিমশিম খাচ্ছে রেলমন্ত্রক। অন্তত এমনই অভিযোগ যাত্রীদের একাংশের। মিলছে না টিকিট। পর্যাপ্ত স্পেশাল ট্রেনও নেই। সমস্যার সমাধানে একের পর এক কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড। এই মর্মে নর্দার্ন রেলকে বিশেষ নির্দেশও দেওয়া হয়েছে মন্ত্রকের পক্ষ থেকে। স্পষ্ট বলা হয়েছে, আটকে পড়া পর্যটকরা যাতে কোনওরকম হয়রানির শিকার না হন, তা সুনিশ্চিত করতে হবে।

Advertisement

বিশেষজ্ঞ মহলের দাবি, বর্তমান পরিস্থিতিতে রেলের বিরুদ্ধে যাতে যাত্রী এবং পর্যটকদের সঙ্গে অসহযোগিতার অভিযোগ না ওঠে, প্রধানত সেটিই নিশ্চিত করতে মরিয়া মন্ত্রক। সেইমতোই বৃহস্পতিবার রেল বোর্ডের এগজিকিউটিভ ডিরেক্টর (ইনফর্মেশন অ্যান্ড পাবলিসিটি) দিলীপ কুমার বলেন, ‘কাটরা, উধমপুর, জম্মু-তাওয়াই স্টেশন থেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে বাড়ি ফেরানোর উদ্দেশে যাবতীয় বন্দোবস্ত করেছে ভারতীয় রেল। যাত্রীদের আতঙ্কের কোনও কারণ নেই।’ 
কী সেই বন্দোবস্ত? রেলমন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত ২৩৫ জন আটকে পড়া পর্যটককে বাড়ি ফেরানোর ব্যবস্থা করেছেন জম্মু তাওয়াই এবং কাটরা স্টেশনের হেল্পডেস্ক কর্মীরা। অল্প সময়ের মধ্যে শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে নিউদিল্লিগামী একটি স্পেশাল ট্রেনের বন্দোবস্ত করা হয়েছে। সেখানে ৫৮০ জন সংরক্ষিত এবং ১৮০ জন অসংরক্ষিত কামরায় সফর করেছেন। একইভাবে কাটরা থেকে চালানো হচ্ছে আরও একটি স্পেশাল ট্রেন। রেল জানিয়েছে, কাটরা, উধমপুর এবং জম্মু তাওয়াই স্টেশনে আটকে পড়া পর্যটকদের জন্য পর্যাপ্ত জল এবং খাবারের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে আইআরসিটিসিকে। আরপিএফ এবং জিআরপিকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে বলা হয়েছে। 
যদিও কাটরা কিংবা জম্মু তাওয়াই থেকে দিল্লি পর্যন্ত যত ট্রেন চলে, তার প্রায় কোনওটিতেই আগামী বেশ কয়েকদিনের কোনও টিকিট নেই। সাধারণ মেল, এক্সপ্রেস ট্রেন তো বটেই, তালিকায় রয়েছে বন্দে ভারত, রাজধানী এক্সপ্রেসও। এমনকী তৎকাল এবং প্রিমিয়াম তৎকালেও টিকিট পাওয়া যাচ্ছে না। ফলে চরম সমস্যায় আটকে পড়া পর্যটকরা। আচমকাই সফর সূচিতে পরিবর্তন হওয়ায় ভোগান্তির মাত্রা বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে স্পেশাল ট্রেনই ভরসা। কিন্তু সেই বন্দোবস্ত করতে গিয়েই নাকানিচোবানি খেতে হচ্ছে রেলকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ