Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শিয়ালদহে নিজেদের তৈরি নিয়ম ভাঙছে রেলই! প্ল্যাটফর্ম বিভ্রাটে চরম দুর্ভোগ যাত্রীদের

দেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশন শিয়ালদহ। দৈনিক ১৫ থেকে ১৮ লক্ষ যাত্রী এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। যার মধ্যে অধিকাংশই লোকাল ট্রেনের নিত্যযাত্রী।

শিয়ালদহে নিজেদের তৈরি নিয়ম ভাঙছে রেলই! প্ল্যাটফর্ম বিভ্রাটে চরম দুর্ভোগ যাত্রীদের
  • ৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশন শিয়ালদহ। দৈনিক ১৫ থেকে ১৮ লক্ষ যাত্রী এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। যার মধ্যে অধিকাংশই লোকাল ট্রেনের নিত্যযাত্রী। এই বিরাট সংখ্যক যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে আগস্ট মাসে বিভিন্ন রুটের জন্য নির্দিষ্ট প্ল্যাটফর্ম বরাদ্দ করার সিদ্ধান্ত হয়েছিল। অর্থাৎ, মেইন লাইন কিংবা বনগাঁ রুটের ট্রেনের জন্য কয়েকটি প্ল্যাটফর্ম নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। বলা হয়, ওই প্ল্যাটফর্মগুলির মধ্যেই সংশ্লিষ্ট লাইনের ট্রেন ছাড়বে। কারণ, অনেক সময় ট্রেন ধরার জন্য যাত্রীদের হুড়োহুড়ি পড়ে যায়। সেক্ষেত্রে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা থাকে। এই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই নয়া ব্যবস্থা চালু করেছিল শিয়ালদহ ডিভিশন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল, নিজেদের তৈরি করা নিয়ম ভাঙছে খোদ রেলই। গত কয়েক সপ্তাহ ধরে নির্দিষ্ট প্ল্যাটফর্মের জন্য বরাদ্দ লাইনের ট্রেন সেখান থেকে যাত্রা শুরু করছে না। নিয়ম ভেঙে যেমন খুশি ট্রেন চালানো হচ্ছে। যার জেরে চূড়ান্ত দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। আগে থেকে বরাদ্দ লাইনের জন্য ট্রেনে উঠে জানতে পারছেন, তা অভিষ্ট গন্তব্যে যাবে না। অনেকে আবার অনেক দূর পৌঁছে বিষয়টি উপলব্ধি করছেন। সবমিলিয়ে শিয়ালদহ ডিভিশনে শুরু হয়েছে নয়া এই যাত্রী হয়রানি।

Advertisement

উল্লেখ্য, শিয়ালদহ স্টেশনে সবমিলিয়ে ২১টি প্ল্যাটফর্ম রয়েছে। নয়া নিয়মে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম কৃষ্ণনগর, গেদে, শান্তিপুর, রানাঘাট, নৈহাটি, কল্যাণী সীমান্ত এবং বারাকপুরগামী ট্রেনের জন্য বরাদ্দ হয়েছিল। ৫ থেকে ৮ প্ল্যাটফর্ম থেকে যাত্রা করবে ডানকুনি, বারুইপাড়ার ট্রেন। ৬ থেকে ১০ নম্বর প্ল্যাটফর্ম নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল বনগাঁ, বারাসত, হাবড়া, দত্তপুকুর, গোবরডাঙা, ঠাকুরনগর, হাসনাবাদ, দমদম ক্যান্টনমেন্ট ও মধ্যমগ্রামগামী ট্রেনের জন্য। দূরপাল্লার ট্রেন ছাড়বে প্ল্যাটফর্ম ৯ ও ১১ থেকে ১৪ নম্বরে। সাউথ সেকশনের ট্রেনের জন্য বরাদ্দ ১৫ থেকে ২১ নম্বর প্ল্যাটফর্ম। এই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে মঙ্গলবার রাতে ৯ নম্বর প্ল্যাটফর্ম থেকে ডানকুনি লোকাল দেওয়া হয়েছিল। যদিও এই রুটের ট্রেনগুলির জন্য বরাদ্দ হয়েছিল ৫ থেকে ৮ নম্বর প্ল্যাটফর্ম। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলেন, এখনও এই প্রক্রিয়া মসৃণ হয়নি। প্রতিদিন ৯১৫টি করে ট্রেন শিয়ালদহ থেকে মেলে। গত ২২ আগস্ট থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর গোটা রুটে চালু হওয়ার পর চাপ আরও বেড়ে গিয়েছে। আরও কিছুদিন লাগবে গোটা বিষয়টি ত্রুটিমুক্ত হতে। যাত্রীদের অভিযোগ, অনেক সময় ১০ নম্বর প্ল্যাটফর্ম থেকে ডানকুনি লোকাল ছাড়ছে। এক্ষেত্রে ১ থেকে ৯ নম্বর প্ল্যাটফর্ম পেরিয়ে আরও দূরে ১০ নম্বরে ঢুকতে বাড়তি সময় লেগে যাচ্ছে। যার জেরে অনেকেই কয়েক মিনিটের জন্য ট্রেন ধরতে পারছেন না। যাত্রী মহলের প্রশ্ন, কেন নিয়ম ভেঙে বরাদ্দ প্ল্যাটফর্ম বাদ দিয়ে এতদূরে ট্রেন ছাড়ছে? রেলের খামখেয়ালিপনার শিকার হচ্ছি আমরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ