সংবাদদাতা, লালবাগ: সর্বভারতীয় দেহ সৌষ্ঠব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে জেলার মুখ উজ্জ্বল করলেন লালগোলার রাহুল হালদার। ‘দ্য ওয়ার্ল্ড লিডার ইন ন্যাচারাল ফিটনেস’ ২০২৫ প্রতিযোগিতা থেকে দু’টি সোনা ছিনিয়ে এনেছে রাহুল।

লালগোলা থানার কৃষ্ণপুর কালীবাগের বাসিন্দা রাহুল। লালবাগ নেতাজি মোড়ে বাবা রাজকুমার হালদারের একটি চায়ের দোকান আছে। ছোট থেকেই সুঠাম দেহ গঠনের প্রতি ঝোঁক ছিল রাহুলের। পড়াশোনার পাশাপাশি বাবার চায়ের দোকানে যেতেন। কাজ শেষ করেই যেতেন জিমে। প্রথমবার প্রতিযোগিতায় যোগদান করেই সাফল্য। যাদবপুর ইউনিভার্সিটি আয়োজিত ফ্লেক্সফিট প্রতিযোগিতায় দ্বিতীয় হওয়ার পর তাঁর মনোবল বেড়ে যায়। অনলাইনে ফর্ম ফিলাপ করে দি ওয়ার্ল্ড লিডার ইন ন্যাচারাল ফিটনেস-২০২৫ প্রতিযোগিতায় অংশ নেন তিনি। প্রতিযোগিতায় অসম, গুজরাত, দিল্লি, পাঞ্জাব সহ একাধিক রাজ্যের ১০৫জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
কলকাতায় অনুষ্ঠিত ওই প্রতিযোগিতার দু’টি বিভাগে অংশগ্রহণ করেন রাহুল। এর মধ্যে মেন সিভিকে তৃতীয় স্থান এবং ক্ল্যাসিক সিভিকে চ্যাম্পিয়ন হয়ে দু’টি সোনা পান। তাতে তিনি চ্যাম্পিয়ন ট্রফি লাভ করেন। মঙ্গলবার বাবার দোকানে চা ছাঁকতে ছাঁকতে তিনি জানান, এরপর আমি ‘আইএফবিবি-প্রো’ তে অংশ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। ছেলের এই সাফল্যে খুশি রাজকুমারবাবু। তিনি বলেন, চায়ের দোকানের কাজ শেষে ছেলে জিমে যেত। বাধা দিইনি। ছেলের সাফল্যে আমি গর্বিত।