Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬

‘প্রিয় বিজেপি নেতা’র নাম জানালেন রাহুল

রাজনৈতিক স্বার্থে বিরোধী। প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, পদ্ম নেতাদের কটাক্ষ করাই তাঁর রোজের রুটিন। সেই রাহুল গান্ধীও বিজেপির এক নেতাকে বেশ পছন্দ করেন।

‘প্রিয় বিজেপি নেতা’র নাম জানালেন রাহুল
  • ৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: রাজনৈতিক স্বার্থে বিরোধী। প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, পদ্ম নেতাদের কটাক্ষ করাই তাঁর রোজের রুটিন। সেই রাহুল গান্ধীও বিজেপির এক নেতাকে বেশ পছন্দ করেন। তাঁর কথায়, পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং তাঁর পছন্দের বিজেপি নেতা। দু’জনের পারিবারিক সম্পর্কের কথাও উল্লেখ করেন রাহুল। পালটা জবাব দিয়েছেন অমরিন্দরও। তাঁর কথায়, গান্ধী পরিবারের সঙ্গে তাঁর ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্ক রয়েছে। তবে রাজনৈতিকভাবে তিনি বিজেপির প্রতিই প্রতিশ্রুতিবদ্ধ।

Advertisement

জেন জি-র সঙ্গে সরাসরি যোগাযোগের লক্ষ্যে ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ নামে এক বিশেষ প্রশ্নোত্তর পর্ব শুরু করেছেন রাহুল। সেখানেই এক প্রশ্নের উত্তরে প্রিয় বিজেপি নেতা হিসাবে ক্যাপ্টেন অমরিন্দরের নাম উল্লেখ করেন। বলেন, ‘আমি ওঁর সঙ্গে খুব ভালোভাবে মিশি। উনি দারুণ মানুষ। সামরিক ইতিহাস সম্পর্কে ওঁর অসাধারণ জ্ঞান রয়েছে। হ্যালো, আঙ্কেল’ রাহুলের এই মন্তব্য ঘিরে বেজায় শোরগোল শুরু হয়। প্রতিক্রিয়ায় ক্যাপ্টেন অমরিন্দর বলেন, ‘রাহুল আমার সম্পর্কে ভালো কথা বলেছেন, এটা ভালো লেগেছে।’ তিনি জানান, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে তিনি ছোটবেলা থেকেই চেনেন। তাঁদের বাবা, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ছিলেন তাঁর সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু। অমরিন্দরের কথায়, বিশ্বের অধিকাংশ দেশেই ব্যক্তিগত সম্পর্ক ও রাজনৈতিক অবস্থান আলাদা বিষয়। তাঁর দাবি, রাহুল ও সোনিয়া গান্ধীর সঙ্গে পারিবারিক সম্পর্ক ভবিষ্যতেও থাকবে। তবে রাজনৈতিকভাবে তিনি বিজেপির সঙ্গেই থাকবেন। এ প্রসঙ্গে পাঞ্জাব বিজেপির মুখপাত্র প্রীতপাল সিং বালিয়াওয়াল দাবি করেন, পাঞ্জাবে কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল তীব্র হওয়ার কারণেই রাহুল ক্যাপ্টেন অমরিন্দরকে স্মরণ করছেন। ২০২১ সালে অমরিন্দর সিংকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর প্রসঙ্গ টেনে বিজেপি নেতা আরও বলেন, সেই সময় রাহুল গান্ধী তাঁকে ‘কুল’, ‘নেতা’ বা ‘আঙ্কল’ বলে মনে করেননি। তাঁর অবদানকেও যথাযথ মর্যাদা দেওয়া হয়নি। অন্যদিকে, কংগ্রেস নেতা রানা গুরজিৎ সিং বলেন, অমরিন্দর কংগ্রেস না ছাড়লে দলের কাছে অভিভাবকের ভূমিকা পালন করতে পারতেন। ২০১৭ সালে অমরিন্দর সিংয়ের নেতৃত্বেই পঞ্জাবে বিপুল জয় পেয়েছিল কংগ্রেস। কিন্তু দলীয় কোন্দলের জেরে ২০২১ সালে মুখ্যমন্ত্রীর পদ ও কংগ্রেস ছেড়ে তিনি পাঞ্জাব লোক কংগ্রেস গঠন করেন। পরে ২০২২ সালের বিধানসভা নির্বাচনে ব্যর্থ হওয়ার পর সেই দল বিজেপির সঙ্গে মিশে যায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ