Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রবীন্দ্রভারতী: বহিরাগত-তাণ্ডব নিয়ে রাজ্যপালের হস্তক্ষেপ ও উপাচার্য নিয়োগ চেয়ে শিক্ষকদের চিঠি

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের তাণ্ডবের ফলে রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে শিক্ষকদের চিঠি। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপের দাবি। বিস্তারিত পড়ুন।

রবীন্দ্রভারতী: বহিরাগত-তাণ্ডব নিয়ে রাজ্যপালের হস্তক্ষেপ ও উপাচার্য নিয়োগ চেয়ে শিক্ষকদের চিঠি
  • ৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে শাসক পালটায়। তবে, পালটায় না রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের চেনা সংঘর্ষের ছবি। পড়ুয়া ভরতির ফিজিক্যাল ভেরিফিকেশন উপলক্ষ্যে ২৯ এবং ৩০ জুন ক্যাম্পাসে ব্যাপক ছাত্র সংঘর্ষ ঘটে। বর্তমান শাসকপন্থী ছাত্রগোষ্ঠী প্রাক্তন শাসকের অনুগামী ছাত্রদের ব্যাপক মারধর করে, পচা ডিমও ছোড়ে বলে অভিযোগ। এই অবস্থায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি জোৎস্না চট্টোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক দেবাশিস ভট্টাচার্য রাজ্যপাল আর এন রবির কাছে চিঠি লিখে তাঁর হস্তক্ষেপ প্রার্থনা করেছেন। একই সঙ্গে দ্রুত উপাচার্য নিয়োগের আবেদনও জানানো হয়েছে।

Advertisement

এক শিক্ষক জানান, একসময় তৃণমূলের দুই গোষ্ঠী বা তাদের বিরোধীদের মধ্যে তাণ্ডব চলত। এখন এবিভিপি শক্তিশালী। এসএফআইকেও দেখা যাচ্ছে। তাই পরিস্থিতি যেন আরো ঘোরালো হয়ে উঠেছে। ভরতির হেল্প ডেস্ক নিয়ে দু-পক্ষের বচসার জেরে প্রায় দেড়শো জন বহিরাগত তাণ্ডব চালায়। একজন ভিডিয়ো করতে গেলে তাঁর দামি মোবাইল ফোন ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। পুলিশের সামনেই তাণ্ডব চলে। ছুটে আসতে হয় সিআরপিএফকেও। তাও পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হয় তাদের। এর ফলে, ২০২৫ সালে ক্যাম্পাসে যত্রতত্র জমায়েত, দলবেঁধে ঘুরে বেড়ানোর উপরে যে নিষেধাজ্ঞা আরোপ হয়েছিল, ফের সেই অর্ডার জারি হয়েছে। আগে, এই নির্দেশ ছিল টিএমসিপির উদ্দেশে। এখন যুক্ত হয়েছে এবিভিপিও। যদিও, এধরনের কাগুজে নির্দেশিকায় সমাধান হবে না বলেই আশঙ্কা শিক্ষক, শিক্ষাকর্মী, পড়ুয়াদের।

Advertisement
সম্পর্কিত সংবাদ