Bartaman Logo
২৭ মে, ২০২৬

প্যালেস্তাইনের পর বাংলাদেশ! সংসদে নতুন ব্যাগ নিয়ে হাজির প্রিয়াঙ্কা

প্যালেস্তাইনের পর বাংলাদেশ! সংসদে নতুন ব্যাগ নিয়ে হাজির প্রিয়াঙ্কা
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর: লোকসভার সাংসদ হিসেবে সদ্য ইনিংস শুরু হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীর। আর শুরু থেকেই ফ্রন্ট ফুটে খেলছেন সোনিয়া কন্যা। সংবিধানের উপর ভাষণ হোক কিংবা বাংলাদেশ ইস্যু, কেন্দ্রকে কড়া জবাবের মাধ্যমে বিঁধছেন ওয়েনাড়ের সাংসদ। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রিয়াঙ্কা সংসদের বাইরে ও ভিতরে যে কড়া ভাষায় আক্রমণ শানাচ্ছেন তার প্রমাণ রোজই পাওয়া যাচ্ছে। এবার একটি অন্য ইস্যুতে খবরের শিরোনামে কংগ্রেস নেত্রী। আজ, মঙ্গলবার বাংলাদেশ ইস্যুকে সামনে রেখে অভিনব প্রতিবাদ দেখিয়েছেন তিনি। এদিন সংসদে প্রিয়াঙ্কার কাঁধে দেখা গিয়েছে একটি বিশেষ ঝোলা ব্যাগ। যাতে লেখা রয়েছে, ‘বাংলাদেশি হিন্দু ও খ্রিস্টানদের পাশে রয়েছি।’ বিগত কয়েকমাস ধরে ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে লাগাতার হামলার স্বীকার হচ্ছেন সেদেশে বসবাসকারী সংখ্যালঘুরা। ভেঙে দেওয়া হচ্ছে তাদের উপাসনাস্থল, লুট করা হচ্ছে বাড়ি। মারধর থেকে মহিলাদের উপর নির্যাতন সবটাই করা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর। এমনটাই অভিযোগ আসছে প্রতিনিয়ত। সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভারতের একাধিক রাজনৈতিক দলের নেতারা। এবার সেই ইস্যু পৌঁছে গিয়েছে সংসদের অন্দরে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সেদেশে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধদের উপর অত্যাচার আটকাতে গতকাল, সোমবার মোদি সরকারকে সক্রিয় হওয়ার পরামর্শ দেন প্রিয়াঙ্কা। আর আজ, মঙ্গলবার সংসদ চত্বরে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে বিরোধী দলের সাংসদদের সঙ্গে বিক্ষোভ দেখান কংগ্রেস নেত্রীও। সেখানেই দেখা যায় তাঁর কাঁধে রয়েছে ওই বিশেষ ঝোলা ব্যাগটি। শুধু প্রিয়াঙ্কার কাঁধেই নয়, বিরোধী দল বিশেষ করে কংগ্রেস সাংসদদেরও সেই ঝোলা ব্যাগ ব্যবহার করতে দেখা গিয়েছে। গতকাল, সোমবারই প্যালেস্তাইন লেখা ঝোলা ব্যাগ নিয়ে সংসদে আসেন ওয়েনাড়ের সাংসদ। যাকে কেন্দ্র করে চরম বিতর্কের সৃষ্টি হয়। বিজেপির সোশ্যাল মিডিয়া সেলের তরফে কটাক্ষ করা হয় প্রিয়াঙ্কাকে। পাল্টা কংগ্রেস নেত্রীও জবাব দিয়েছেন। তিনি বলেন, আবোলতাবোল মন্তব্য না করে বাংলাদেশ ইস্যুতে সরকার কী করছে, সেটার জবাব দিক বিজেপি। একইসঙ্গে জানান, তাঁর এক বন্ধু প্যালেস্তাইন লেখা ওই ব্যাগটি উপহার দিয়েছেন। তিনি কেনেননি।
Advertisement
সম্পর্কিত সংবাদ