ওয়াশিংটন, ৪ সেপ্টেম্বর: ফের ট্রাম্পের আরও একটি পদক্ষেপকে ‘অবৈধ’ বলল আমেরিকার আদালত। ইহুদিদের প্রতি বিদ্বেষের অভিযোগে ট্রাম্প প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে আর্থিক অনুদান বন্ধ করে দিয়েছিল। আমেরিকার প্রেসিডেন্টের সেই পদক্ষেপকে ‘অবৈধ’ বলল ফেডেরাল আদালত। বিচারকের কাছে ধমক খেতেও হয়েছে ট্রাম্প প্রশাসনকে। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ ছিল, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইজরায়েল বিরোধী আন্দোলন চলছে। ইহুদি বিদ্বেষ ছড়ানো হচ্ছে। সেই বিষয়কে থামাতে বেশ কিছু পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল ট্রাম্প প্রশাসন। যদিও তা মানতে চায়নি হার্ভার্ড কর্তৃপক্ষ। তারপরেই কড়া পদক্ষেপ নেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথমে ২০০ কোটি ডলারেরও বেশি অনুদান বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল তাঁর প্রশাসন। পরে আরও ৪৫ কোটি ডলারের অনুদান বন্ধ করা হয়।



