Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রশ্ন ফাঁসে পরীক্ষা বাতিল: বিক্ষোভে উত্তাল পুনে

মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশনের (এমপিএসসি) প্রশ্ন ফাঁস নিয়ে উত্তাল পুনে

প্রশ্ন ফাঁসে পরীক্ষা বাতিল: বিক্ষোভে উত্তাল পুনে
  • ৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পুনে: মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশনের (এমপিএসসি) প্রশ্ন ফাঁস নিয়ে উত্তাল পুনে। এমপিএসসির চেয়ারম্যান বিবেক ভীমানওয়ার সহ ১৩ জনের পদত্যাগের দাবিতে সোমবার রাস্তায় নামেন হাজার হাজার পরীক্ষার্থী। তাঁরা ওঁঙ্কারেশ্বর মন্দির থেকে পদযাত্রা করে জেলাশাসকের কার্যালয় পর্যন্ত যান। আন্দোলনের অন্যতম আহ্বায়ক নীতিন আন্ধালে বলেন, ‘যে দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা নিষ্ঠাবান পরীক্ষার্থীদের ভবিষ্যতকে বিপন্ন করে তুলছে, তা অবিলম্বে বন্ধ করা জরুরি। এমপিএসসির চেয়ারম্যান ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের পদত্যাগ করতে হবে এবং পুরো বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিতে হবে।’ তাঁর আরও দাবি, ওই দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের আমলে অনুষ্ঠিত পূর্ববর্তী সব পরীক্ষার বিষয়েও পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া আবশ্যক। গত ২২ মার্চ এমপিএসসি ড্রাগ ইনস্পেক্টর পদে নিয়োগের জন্য পরীক্ষার আয়োজন করে। কিন্তু গত আগস্টে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর সেই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেয় এমপিএসসি। তারপরই ক্ষোভে ফেটে পড়েন পরীক্ষার্থীরা। কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বারামতীর এনসিপি (শারদপন্থী) সাংসদ সুপ্রিয়া সুলে। তাঁর অভিযোগ, পরীক্ষার্থীদের পড়াশোনা বা কাজ করার পরিবর্তে রাস্তায় নামতে হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ