সংবাদদাতা, কাঁথি: বিদ্যুতের খুঁটি থেকে তার ছিঁড়ে খালে পড়েছিল। সেই খালে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ার। মঙ্গলবার দুপুরে পটাশপুর থানার উত্তর খাড় এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিস জানিয়েছে, মৃতার নাম কল্পনা শীট(৫৫)। বাড়ি উত্তর খাড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কল্পনাদেবী জাল নিয়ে খালে মাছ ধরতে নেমেছিলেন। জলে নামার সঙ্গে সঙ্গে পাড়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুটিয়ে পড়েন কল্পনাদেবী। কিছুটা দূরে একজন মহিলাও খালে নেমেছিলেন। পরিস্থিতি বেগতিক দেখে তিনি তড়িঘড়ি জল থেকে উঠে আসেন। এদিকে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কোনওরকমে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক ওই প্রৌঢ়াকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার পর বিদ্যুতের তার ছেঁড়া নিয়ে এলাকায় ক্ষোভ-বিক্ষোভ শুরু হয়। খালপাড়ে ঝোপের ধারে বিদ্যুতের খুঁটি থেকে কোনওভাবে তারটি ছিঁড়ে খালের জলে পড়েছিল। স্থানীয় মানুষজনের একাংশের বক্তব্য, একটি বিদ্যুতের তার খুঁটি থেকে ছিঁড়ে খালে পড়লেও কারও নজরে আসেনি। গ্রামবাসীরা বিদ্যুৎ দপ্তরে খবর দেওয়ার পর কর্মীরা এসে ছেঁড়া তার মেরামত করে দিয়ে যান।



