পাটনা: মাঝআকাশে বিমানের উইন্ড শিল্ডে ফাটল। পাটনা বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হল দিল্লি-শিলংগামী স্পাইস জেটের একটি বিমান। পাটনা বিমানবন্দর সূত্রে খবর, সোমবার সকাল সাতটা নাগাদ দিল্লি থেকে শিলংয়ের উদ্দেশে রওনা দেয় স্পাইস জেটের (এসইজে-২৯৫০) বিমানটি। সকাল ৮.৫২ মিনিট নাগাদ বিমানের ককপিটের উইন্ড শিল্ডে বড়সড় ফাটল দেখতে পান পাইলট। এরপর কোনওরকম ঝুঁকি না নিয়ে জরুরি অবতরণ করতে চেয়ে এটিসির সঙ্গে যোগাযোগ করেন পাইলট। পাটনা বিমানবন্দরে নিরাপদেই বিমানটি অবতরণ করে। বিমানের ৭৫ জন যাত্রী এবং কর্মীরা সুরক্ষিত রয়েছেন। পরে যাত্রীদের অন্য একটি ফ্লাইটে শিলং পাঠানোর ব্যবস্থা করা হয়। এদিকে মেরামতির জন্য বসিয়ে রাখা হয়েছে ক্ষতিগ্রস্ত বিমানটিকে।



