Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পথচারীদের দেখলেই হামলা, অবশেষে বাড়ি ফিরলেন নিউটাউনের ‘ঢিল বুড়ি’

পথচারীদের দেখলেই হামলা, অবশেষে বাড়ি ফিরলেন নিউটাউনের ‘ঢিল বুড়ি’
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: পথচারী দেখলেই তেড়ে যেতেন। যা পেতেন হাতের সামনে তা দিয়েই হামলা চালাতেন। কাউকে লক্ষ্য করে ছুঁড়েছেন আধলা ইট। কারও মাথায় পাথর! তাঁর আক্রমণে রক্তাক্ত হন নয় নয় করে ১৮ পথচারী। জখমের সংখ্যা অনেক। নিউটাউনের ‘ত্রাস’ হয়ে উঠেছিলেন বছর বাষট্টি বছরের ওই বৃদ্ধা। ইট, পাথর ছুড়তেন বলে তাঁর নাম হয়ে গিয়েছিল ‘ঢিল বুড়ি’। পুলিসের সহায়তায় মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধাকে একসময় পাঠানো হয় একটি হোমে। আর তাঁকে বাড়ি ফেরাতে ঠিকানা খোঁজা শুরু করেছিল ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব (হ্যাম রেডিও)। অবশেষে হ্যামের উদ্যোগে সোমবার বিমানবন্দর সংলগ্ন হোম থেকে বসিরহাটে নিজের বাড়ি ফিরলেন ঢিল বুড়ি।
Advertisement
ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব সূত্রে জানা গিয়েছে, মার্চ মাসে বৃদ্ধার আক্রমণে নিউটাউনের মানুষ ভয়ে গুটিয়ে ছিলেন। তবে বৃদ্ধা যে মানসিকভাবে অসুস্থ, তা তাঁকে দেখে বুঝতে পেরেছিলেন স্থানীয়রা। অনেকে খাবারও দিতে গিয়েছিলেন। কিন্তু খাবার নেওয়া তো দূরের কথা, যিনি খাবার নিয়ে গিয়েছিলেন তিনি মাথা ফাটিয়ে ফিরেছেন। অনেকে তাঁকে পোশাক দিতে গিয়েও হামলার শিকার। তাই কেউ ভয়ে কাছে যেতেই পারতেন না কেউ। পথচারীদের হামলার পাশাপাশি, ইট ও পাথর ছুড়ে গাড়ির কাচও ভেঙেছেন বৃদ্ধা। খবর পেয়ে ঢিল বুড়িকে ধরতে নামে পুলিস। সব সময় তাঁর হাতে পাথর থাকত। ১২ মার্চ পিছন দিক দিয়ে গিয়ে কম্বল জড়িয়ে বৃদ্ধাকে ধরে পুলিস। তারপর বিমানবন্দর সংলগ্ন মধ্যমগ্রামের গ্রিন পার্কের মিশনারিজ অব চ্যারিটি হোমে পাঠায়। ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের (হ্যাম রেডিও) সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস বলেন, ‘বৃদ্ধার বাড়ি খুঁজে বের করার জন্য সর্বত্র আমরা ছবি পাঠিয়েছিলাম। পরে জানতে পারি, বসিরহাটে তাঁর বাড়ি। তাঁর চিকিৎসা চলছিল। বাড়ি থেকে একদিন আচমকা বেরিয়ে যান। তারপর আর ফেরেননি। এদিন হোমে তাঁর নাতি-নাতনিরা এসেছিলেন। তাঁদের হাত ধরে উনি বাড়ি ফেরেন।’
সম্পর্কিত সংবাদ