নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: নির্দিষ্ট স্থানে পথ কুকুরদের খেতে দিতে হবে। রাজ্য নগরোন্নয়ন দপ্তর সম্প্রতি এমন নির্দেশিকা জারি করেছে। হুগলির একটি পশুপ্রেমী মঞ্চ সেই নির্দেশিকা পুনর্বিবেচনা করার আবেদন জানিয়ে রাজ্য সরকারের কাছে চিঠি দিল। একাধিক সংগঠনের মিলিত ওই মঞ্চের দাবি, পথ কুকুরদের নির্দিষ্ট এলাকা থাকে। তারা সেই এলাকার বাইরে যায় না। তেমনই অন্য এলাকার কুকুরও বাইরের কুকুরদের নিজেদের এলাকায় আসতে দেয় না। ফলে, সরকারি নির্দেশিকা অনুসারে পথ কুকুরদের নির্দিষ্ট জায়গায় খেতে দেওয়ার পদ্ধতি বাস্তবে কাজে লাগবে না।
Advertisement
ওই মঞ্চের সম্পাদক গৌতম সরকার বলেন, সরকারি নির্দেশিকাকে স্বাগত। কিন্তু সেখানে কুকুরদের স্বাভাবিক প্রবৃত্তিকে গুরুত্ব দেওয়া হয়নি। ফলে, একটি সাধু উদ্যোগ কোনও কাজে লাগবে না। খাবারের জায়গা ও সময় নির্দিষ্ট করে দেওয়ার পদ্ধতি বিজ্ঞানসম্মত নয়। আমরা বিষয়টি জানিয়ে সরকারি নির্দেশিকায় বদল আনার অনুরোধ করেছি।



