সংবাদদাতা, কান্দি: রবিবার সন্ধ্যায় কান্দি পুরসভার রষোড়া গ্রামে ডাম্পারের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক প্রৌঢ়ের মৃত্যু হয়। পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় ওই প্রৌঢ় ভরতপুর থেকে সাইকেলে কান্দির দিকে আসছিলেন। সেই সময় উল্টো দিক থেকে একটি ডাম্পার ভরতপুরের দিকে যাচ্ছিল। রষোড়া উচ্চ বিদ্যালয়ের সামনে সাইকেল চালক ডাম্পারের নীচে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিস মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।
Advertisement
সালারে দুর্ঘটনায় জখম: এদিন বিকেলে কান্দি-সালার রাজ্য সড়কেই শালিন্দা গ্রামের কাছে দুর্ঘটনায় এক বাইক আরোহী জখম হন। সালার থানার পুলিস তাঁকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করে। পুলিস জানিয়েছে, ওই যুবক রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়েছিল। পুলিসের অনুমান, কোন ভারী গাড়ির ধাক্কায় যুবক জখম হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক।



