হারিয়ে গিয়েছে পোষা কুকুর। রাস্তায় রাস্তায় হন্যে হয়ে ঘুরেও কোনও ফল হয়নি। শেষপর্যন্ত পোষ্যর খোঁজ দিতে পারলে ৩০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা করেছেন গুরুগ্রামের দম্পতি। গত ১ নভেম্বর দীপায়ন ঘোষ ও তাঁর স্ত্রী কস্তুরী উঠেছিলেন আগ্রার একটি প্রথমসারির হোটেলে। সঙ্গে তাঁদের জোড়া পোষ্য। ৩ নভেম্বর হোটেলের পেট-সার্ভিং সার্ভিসে পোষ্যদের রেখে ফতেপুর সিক্রিতে গিয়েছিলেন দম্পতি। তারমধ্যেই হোটেলে এক কর্মী তাঁদের একটি কুকুরের পালিয়ে যাওয়ার খবর দেন। তারপর থেকে পোষ্যর ছবি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছেন দম্পতি। মঙ্গলবার এক রিক্সাচালক তাজমহল মেট্রো স্টেশনের সামনে কুকুরটিকে দেখার কথা জানান। কিন্তু সেখানে গিয়েও কিছু লাভ হয়নি। এজন্য পোষ্যর সন্ধান দিলে পুরস্কারের ঘোষণা করেছেন তাঁরা।



