নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে নবম ‘দুয়ারে সরকার’ কর্মসূচি শুরু হতে চলেছে। ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি হবে। তার আগে প্রশাসনিক স্তরে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে। এবার জেলায় প্রায় ৫৯০০টি শিবির থেকে মানুষ নানা প্রকল্পের পরিষেবা পাবেন। সাধারণ মানুষের সুবিধার্থে মোবাইল ক্যাম্পের ব্যবস্থাও করা হচ্ছে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ হবে। প্রশাসনের আধিকারিকরা জানান, মেদিনীপুর সদর ডিভিশনে ১৭০০টি শিবির হবে। তার মধ্যে ৬০০ মোবাইল ক্যাম্প থাকছে। প্রতিটি শিবিরে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। দুয়ারে সরকার শিবিরে বাল্যবিবাহ ও নাবালিকা অন্তঃসত্ত্বা হওয়া রোধে সচেতনতা প্রচার করা হবে। মেদিনীপুরের মহকুমা শাসক মধুমিতা মুখোপাধ্যায় বলেন, প্রশাসন প্রস্তুত রয়েছে। ২৭ -৩১ জানুয়ারি পথনিরাপত্তা সপ্তাহ পালিত হবে।



