Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পশ্চিম কাঁঠালবাড়িতে জোড়া বাইসনের হামলায় জখম প্রৌঢ়

পশ্চিম কাঁঠালবাড়িতে জোড়া বাইসনের হামলায় জখম প্রৌঢ়
  • ২৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ফালাকাটা ও মাথাভাঙা: সাতসকালে লোকালয়ে জোড়া বাইসন। কুয়াশার মধ্যে কিছু বুঝে ওঠার আগেই বাইসনের হামলায় জখম হলেন এক প্রৌঢ়। বৃহস্পতিবার সকালে ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আলিপুরদুয়ার-১ ব্লকের পশ্চিম কাঁঠালবাড়ি গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জলদাপাড়া বিভাগের বনকর্মীরা। বাইসন দু’টিকে বাগে আনার চেষ্টা চালানোর পাশাপাশি রেঞ্জার রাজীব চক্রবর্তীর নির্দেশে জখম বুনা মুন্ডাকে উদ্ধার করে পলাশবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান বনকর্মীরা। 
Advertisement
সকাল ৭টা নাগাদ বুনা মুন্ডা ঘর থেকে বের হন। সেই সময় দু’টি বাইসনের সামনে তিনি পড়ে যান। একটি বাইসন গুঁতো মেরে চলে যায়। পরে খেতে দাপিয়ে বেরায়। গ্রামের নিরল রায়ের বাড়িতেও ঢুকে তাণ্ডব চালায় বাইসন দু’টি। তাঁর টিনের বেড়াও ভেঙে দেয়। বাইক আরোহী গণেশ ওরাওঁকে আক্রমণ করতে আসে। কোনওক্রমে তিনি বেঁচে যান। লোকালয়ে বাইসনের তাণ্ডবের খবর ছড়িয়ে পড়তেই মাঠের কাজ বন্ধ করে দেন পশ্চিম কাঁঠালবাড়ি, বউবাজার, লাফাবাড়ি এলাকার কৃষকরা। 
বনদপ্তরের সাতটি টিমের চেষ্টাতেও এদিন দিনভর বাইসনগুলিকে জঙ্গলে ফেরানো সম্ভব হয়নি। জলদাপাড়া সাউথের রেঞ্জার রাজীব চক্রবর্তী বলেন, এলাকায় বনকর্মীরা নজরদারি চালাচ্ছেন। বাইসনগুলিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চলছে। 
এদিকে, মাথাভাঙা-২ ব্লকের লতাপোঁতা গ্রাম পঞ্চায়েত এলাকাতেও দাপিয়ে বেরায় বাইসন দু’টি। বনদপ্তরের মাথাভাঙার রেঞ্জার সুদীপ দাস বলেন, এদিন সকাল থেকে দু’টি বাইসন লাফাবাড়ি, পুঁটিমারি, বোয়ালমারি এলাকায় তাণ্ডব চালায়। তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। আমরা বাইসনের গতিবিধি উপর নজর রাখছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ