Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পড়শি নাবালিকাকে যৌন হেনস্তার হুমকি, হাইকোর্টের নির্দেশে ঘরছাড়া তিন ভাই

পড়শি নাবালিকাকে যৌন হেনস্তার হুমকি, হাইকোর্টের নির্দেশে ঘরছাড়া তিন ভাই
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রতিবেশীর নাবালিকা মেয়েকে যৌন হেনস্তার হুমকি দেওয়ায় এবার তিন ভাইকে ঘরছাড়া করল হাইকোর্ট। শুধু তাই নয়, রাজ্যে মহিলাদের সঙ্গে অপরাধ ক্রমেই বেড়ে চলেছে বলেও পর্যবেক্ষণ আদালতের। সার্বিকভাবে বিষয়টি পুলিসকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখার পরামর্শ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 
Advertisement
মামলার বয়ান সূত্রে জানা গিয়েছে, কলকাতার দক্ষিণ বন্দর থানা এলাকার বাসিন্দা দুই প্রতিবেশীর মধ্যে ঝগড়া দীর্ঘদিনের। বছর খানেক ধরে বিষয়টি নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মামলাকারীর অভিযোগ, ঝগড়া হাতাহাতি পর্যন্ত গড়িয়েছে। প্রতিবেশীর তিন ছেলে এসে তাঁকে ও তাঁর স্বামীকে বেধড়ক মারধর করেছে ও তাঁর নাবালিকা মেয়েকে যৌন হেনস্তার হুমকি দিয়েছে। এ নিয়ে থানার দ্বারস্থ হলেও কোনও সুরাহা হয়নি। অভিযুক্তরা জামিন পেয়ে গিয়েছেন। উল্টে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তাঁরা। বাধ্য হয়ে তাই হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে নাবালিকার পরিবারকে।
বিষয়টি শোনার পরই বিচারপতি ঘোষ এজলাসে উপস্থিত রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান, মেডিক্যাল রিপোর্ট থাকা সত্ত্বেও কেন সঠিক ধারা দেওয়া হয়নি? কেন পুলিস বিষয়টি গুরুত্ব দিয়ে দেখল না? অভিযুক্ত প্রতিবেশীর আইনজীবী তখন পাল্টা দাবি করেন, এটি বাস্তবিক অর্থে ‘মেয়েলি’ ঝগড়া। তাঁর মক্কেলদের নামে ভুয়ো অভিযোগ করা হচ্ছে। সবপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি বলেন, কেউ জামিন পেয়ে গেল মানেই সে দোষ মুক্ত, এমনটা ভাবার কোনও কারণ নেই। এরপর নির্দেশে জানান, অভিযুক্ত তিন ভাই তিন মাস বাড়িতে ঢুকতে পারবেন না। প্রতি ১৫ দিন তদন্তকারী অফিসারদের সঙ্গে তাঁদের দেখা করতে হবে। সেখানে তাঁদের সঙ্গে পরিবারের লোকজনও দেখা করতে পারবেন। শুধু এই মামলাই নয়, এদিন অন্য একটি মামলায় বিচারপতি ঘোষ পর্যবেক্ষণে বলেন, রাজ্যে মহিলাদের সঙ্গে অপরাধের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। অবিলম্বে পুলিসকে সতর্ক হতে হবে। 
সম্পর্কিত সংবাদ