সরকারি দপ্তরে আধিকারিক নিয়োগে বিজ্ঞপ্তি পিএসসির
  • ৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ফের নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি করল। ছোটো, মাঝারি ও ক্ষুদ্র শিল্প দপ্তরে  ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের ২৪৭টি পদে নিয়োগের জন্য পরীক্ষা নেবে পিএসসি। স্নাতক বা ইঞ্জিনিয়ারিং- টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা থাকলে এই পদের জন্য আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করার জন্য ২৬ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। বেশ কয়েক বছর পর এই পদে নিয়োগ হতে চলেছে। এর আগে এই পদে নিয়োগের জন্য ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হত। এবার সাধারণ স্নাতকরাও আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষায় শিল্প নিরাপত্তা, দূষণ নিয়ন্ত্রণ, শক্তি সংরক্ষণ ও অপ্রচলিত শক্তির ব্যবহার, পশ্চিমবঙ্গের শিল্প পরিস্থিতি ও সম্ভাবনার উপরও প্রশ্ন থাকবে। সরকারি সূত্রে খবর, আগামী কিছুদিনের মধ্যে রাজ্য সরকারের আরও কিছু চাকরিতে নিয়োগের জন্য পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করতে চলেছে পিএসসি। তার মধ্যে স্কুল ইনস্পেক্টর, মোটর ভেহিকলস ইনস্পেক্টরসহ আরও বেশি কিছু পদে  নিয়োগ হবে।

Advertisement

পিএসসি ইতিমধ্যে সরকারি অফিসে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট (এলডিএ) নিয়োগের জন্য ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে। ডিসেম্বর-জানুয়ারি মাসে এই ক্লার্কশিপের প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই পরীক্ষার জন্য ৮ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। ৯ হাজার মতো শূন্যপদ পূরণ করা হবে। এদিকে, এর আগে পিএসসি যে ক্লার্কশিপ পরীক্ষা নিয়েছিল, তার চূড়ান্ত পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের তালিকাও খুব শীঘ্র প্রকাশিত হবে। এরপর কম্পিউটারে টাইপ করার পরীক্ষা হবে। তারপর হবে নিয়োগ।