Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পর্যটকদের সুবিধার্থে গ্রামীণ হাওড়ায় একাধিক পদক্ষেপ প্রশাসনের

পর্যটকদের সুবিধার্থে গ্রামীণ হাওড়ায় একাধিক পদক্ষেপ প্রশাসনের
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, উলুবেড়িয়া: সামনেই বড়দিন। পর্যটকদের ভিড়ে জমজমাট হয়ে উঠবে রাজ্যের প্রতিটি পর্যটন কেন্দ্র। বাদ যাবে না হাওড়া গ্রামীণ জেলার পর্যটনগুলিও। বিশেষ করে গড়চুমুক, ৫৮ গেট এবং গাদিয়াড়া। এই বিষয়টিকে সামনে রেখেই শুক্রবার উলুবেড়িয়ায় মহকুমা শাসকের কার্যালয়ে বিভিন্ন দপ্তরকে নিয়ে একটি সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়, বিধায়ক বিদেশ বসু, মহকুমা শাসক মানসকুমার মণ্ডল, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, উলুবেড়িয়া ১ নম্বর ও শ্যামপুর ১ নম্বর ব্লকের বিডিও রিয়াজুল হক, তন্ময় কারজি সহ অন্যান্যরা। 
Advertisement
ওই বৈঠকের পর রবিবার ৫৮ গেট পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন প্রশাসনিক কর্তারা। এই পরিদর্শক দলে ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য, কর্মাধ্যক্ষ তাপস মাইতি ও জুলফিকার আলি মোল্লা প্রমুখ। তাঁরা পর্যটন কেন্দ্রের পিকনিক স্পট ঘুরে দেখার পাশাপাশি আলো, শৌচালয়, পানীয় জল, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও গাড়ি পার্কিংয়ের বিষয়টি খতিয়ে দেখেন।
সূত্রের খবর, বৈঠকে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি পর্যাপ্ত পানীয় জল, আলো, পুলিস অ্যাসিস্ট্যান্ট বুথ, সতর্কতামূলক ফ্লেক্স টাঙানোর ব্যাপারে জোর দেওয়া হয়। পর্যটন কেন্দ্রগুলিতে মেডিক্যাল টিম, দমকলের পাশাপাশি নিয়মিত পুলিসি টহল, ধুলো কমাতে জল স্প্রে করার উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে খবর, গতবারের মতো এবারেও ডিজে বক্স বাজানো এবং নৌকা বিহার নিষিদ্ধ করা হয়েছে।
প্রসঙ্গত, প্রতি বছর বছরের শেষ দু’সপ্তাহ এবং নতুন বছরের প্রথম দু’সপ্তাহ হাওড়া জেলার অন্যান্য পর্যটন কেন্দ্রের পাশাপাশি পর্যটকদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে শ্যামপুরের গাদিয়াড়া এবং ৫৮ গেট পর্যটন কেন্দ্র। এবার ৫৮ গেটে নতুনভাবে চিড়িয়াখানা সেজে ওঠায় পর্যটকদের ভিড় যে অনেকটাই বাড়বে, সে ব্যাপারে নিশ্চিত প্রশাসনের কর্তারা। তাই আগে থেকেই বাড়তি সতর্ক প্রশাসন।
সম্পর্কিত সংবাদ