বস্তি (উত্তরপ্রদেশ): ফের উত্তরপ্রদেশে দলিত নিগ্রহের ঘটনা। ১৭ বছরের দলিত কিশোরকে জন্মদিনের পার্টিতে ডেকে বিবস্ত্র করে বেধড়ক মারধরের অভিযোগ। তার গায়ে প্রস্রাবও করে অভিযুক্তরা। তাকে নিজের থুতুও চাটতে বাধ্য করা হয়। এই অপমান সহ্য করতে পারেনি ওই কিশোর। বাড়িতে ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সে। এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল যোগী রাজ্যের বস্তি জেলা। ঘটনায় পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগে সরব মৃতের পরিবার। সন্তানহারা মায়ের দাবি, অভিযুক্তদের বাঁচাতে চাইছে প্রশাসন। বস্তির ডিএসপি প্রদীপ কুমার ত্রিপাঠী বলেন, ‘মৃত পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত জারি রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।’ কিন্তু এখনও তারা ধরা পড়ল না কেন, সেই প্রশ্ন উঠেছে।
Advertisement
পুলিস জানিয়েছে, ২০ ডিসেম্বর রাতে স্থানীয় একজনের জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ পেয়ে গিয়েছিল ওই কিশোর। অভিযোগ, সেখানেই বিবস্ত্র করে মারধরের পাশাপাশি তার গায়ে প্রস্রাবও করে চার অভিযুক্ত। নিগ্রহের এই ঘটনা ক্যামেরাবন্দি করে অভিযুক্তরা। তারপর সেই ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করার হুমকিও দেওয়া হয়। ভিডিও মুছে ফেলার কাতর আর্জি জানালে নির্যাতিতকে থুতু চাটতে বাধ্য করা হয়। রাতে বাড়িতে ফিরে মা-বাবাকে সবকিছু জানায় ওই কিশোর। তারপর গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সে। কিশোরের নিথর দেহ নিয়ে নিকটবর্তী থানায় যায় শোকার্ত পরিবার। অভিযোগ, প্রথমে অভিযোগই দায়ের করতে চায়নি পুলিস। অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি প্রশাসন। এরপর এসপির অফিসের সামনে দেহ নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। কয়েক ঘণ্টা পর অবশেষে অভিযোগ দায়ের করতে রাজি হয় পুলিস। কিশোরের কাকার দাবি, পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা।



