মুম্বই: সাংস্কৃতিক জগতে নক্ষত্রপতন। প্রয়াত প্রখ্যাত লেখক, কবি ও সাংবাদিক প্রীতীশ নন্দী। বয়স হয়েছিল ৭৩ বছর। বুধবার রাতে তাঁর জীবনাবসান হয়। পদ্মশ্রী, বাংলাদেশের মুক্তিযুদ্ধ পদক সহ একাধিক সম্মান ও পুরস্কারে ভূষিত হয়েছিলেন প্রীতীশ। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ঘনিষ্ঠ বন্ধু অনুপম খের ও সুহেল শেঠ। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেছেন অনুপম। লিখেছেন, ‘মুম্বইতে শুরুর দিনগুলিতে উনি আমার পাশে দাঁড়িয়েছিলেন এবং শক্তি জুগিয়েছিলেন। আমরা অনেক কিছু ভাগ করে নিয়েছি। তিনি একজন নির্ভীক মানুষ ছিলেন। ওঁর থেকে আমি অনেক কিছু শিখেছি।’ স্মৃতি রোমন্থন করে অনুপম খের আরও লেখেন, ‘শেষের দিকে আমাদের তেমন দেখা হতো না। কিন্তু একসময় আমরা অভিন্নহৃদয় ছিলাম। ফিল্মফেয়ারের কভারে সুযোগ দেওয়ার কথা আমি কোনওদিন ভুলব না। ওই ঘটনা আমাকে চমকে দিয়েছিল। আরও গুরুত্বপূর্ণ ছিল দ্য ইলাস্ট্রেটেড উইকলিতে আমার সুযোগ পাওয়াটা।’ শোকপ্রকাশ করেছেন আর এক অভিনেতা অনীল কাপুরও।



