Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রতারিত ব্যবসায়ীকে দিয়েই সচেতনতার প্রচার পুলিসের

প্রতারিত ব্যবসায়ীকে দিয়েই সচেতনতার প্রচার পুলিসের
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার ডিজিটাল গ্রেপ্তারির ফাঁদে ট্যাংরার এক ব্যবসায়ী। গত বছর মে মাসে মুম্বই পুলিসের নাম করে একটি ফোন আসে ওই ব্যবসায়ীর কাছে। তারপরেই ঘাবড়ে গিয়ে নিজের কারেন্ট অ্যাকাউন্ট থেকে ৮৮ লক্ষ টাকা প্রতারকদের দিয়ে দেন ওই ব্যবসায়ী। বেশ কিছুদিন বাদে তিনি পুলিসের দ্বারস্থ হন। সূত্রের খবর, এরপরেই তদন্তে নেমে ৩০ লক্ষ ৭০ হাজার টাকা উদ্ধার করে ট্যাংরা থানার পুলিস। এখনও পর্যন্ত আরও ৩৭ লক্ষ টাকা ব্লক করা গিয়েছে বলে খবর। 
Advertisement
সূত্রের খবর, ওই ব্যবসায়ীর কাছে মুম্বই পুলিসের পরিচয় দিয়ে প্রথমে একটি ফোন আসে। বলা হয়, আপনার সিম কার্ড দিয়ে অনেক বেআইনি কাজ হচ্ছে। তাই আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছে। এমনকী, মুম্বই পুলিসের প্যাডে বেশকিছু নথিও ওই ব্যবসায়ীকে পাঠানো হয়। ওই ব্যবসায়ীর দাবি, সেই সময় ঘাবড়ে গিয়েছিলেন তিনি। সম্প্রতি লালবাজারের এক কর্তা থানা পরিদর্শনে যান। তখনই এই মামলা ফের সামনে আসে। এই মুহূর্তে তদন্তভার নিয়েছে সাইবার থানা। এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি বলেই খবর। 
ডিজিটাল অ্যারেস্ট নিয়ে ইতিমধ্যেই সাধারণ মানুষকে সচেতন করছে কলকাতা পুলিস। ডিজিটাল অ্যারেস্ট বলে আসলে যে কিছু হয় না, সেকথাই বারবার সাধারণ মানুষকে জানাচ্ছে পুলিস। এমনকী এই ব্যবসায়ীকে নিয়েও সোশ্যাল মিডিয়াতে প্রচার শুরু করেছে কলকাতা পুলিস। 
সম্পর্কিত সংবাদ