সংবাদদাতা, তারকেশ্বর: ইংরেজি বছরের প্রথম দিন ২৩ জন স্থানীয় বাসিন্দার মুখে হাসি ফোটাল তারকেশ্বর থানার পুলিস। খোয়া যাওয়া ২০টি মোবাইল ও অনলাইন প্রতারণার ১ লক্ষ ২৯ হাজার টাকা সংশ্লিষ্টদের ফিরিয়ে দিল পুলিস। এদিন সকালে হুগলি জেলা গ্রামীণ পুলিসের অধীনে থাকা তারকেশ্বর থানা ও সাইবার বিভাগের তৎপরতায় উদ্ধার হওয়া টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে তিনজনকে। তাঁদের মধ্যে একজন ৯০ হাজার, একজন ২৫ হাজার এবং অন্যজন ১৪ টাকা পেয়েছেন। ব্যাঙ্কে কেওয়াইসি জমা, অনলাইনে কাজের সুযোগ করে দেওয়া ইত্যাদির নাম করে টাকা লোপাট করেছিল সাইবার অপরাধীরা। অন্যদিকে খোয়া যাওয়া ২০টি মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের। নতুন বছরের প্রথম দিন মোবাইল ও টাকা ফেরত পেয়ে সকলেই অভিনন্দন জানিয়েছে তারকেশ্বর থানার ওসি সহ পুলিস কর্মীদের।



