Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রতারণা, মাইক্রোফিনান্স সংস্থার তিন কর্মী গ্রেপ্তার

প্রতারণা, মাইক্রোফিনান্স সংস্থার তিন কর্মী গ্রেপ্তার
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বনগাঁ: মাইক্রোফিনান্স সংস্থা খুলে কয়েক হাজার গ্রাহকের সঙ্গে প্রতারণা করার অভিযোগে গ্রেপ্তার ‘ভুয়ো’ সংস্থার তিন মহিলাকর্মী। ধৃতদের নাম রিয়া মজুমদার, মৌমিতা রায় ও সোনালি বিশ্বাস। গোপালনগর থানার পুলিস স্থানীয় আকাইপুর থেকে তাদের গ্রেপ্তার করে। ধৃতরা সকলেই গোপালনগর থানা এলাকার বাসিন্দা। সোমবার তাদের বনগাঁ আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতরা ওই সংস্থার কর্মী ছিলেন। পাশাপাশি সংস্থার এজেন্ট হিসেবেও কাজ করতেন। তাদের মাধ্যমে বহু গ্রাহকের লক্ষ লক্ষ টাকা হাতানো হয়েছে বলে অভিযোগ।
Advertisement
কয়েক মাস আগে গোপালনগর থানার আকাইপুরে একটি মাইক্রোফিনান্স সংস্থা দপ্তর খোলে। গ্রাহকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছিলেন সংস্থার প্রতিনিধিরা। চড়া হারে সুদ দেওয়ার প্রলোভন দেখিয়েছিলেন তাঁরা। বাড়তি সুদের আশায় কয়েক হাজার গ্রাহক ওই সংস্থায় টাকাও রেখেছিলেন। একমাস আগে ওই মাইক্রোফিনান্স সংস্থার অফিস হঠাৎ বন্ধ হয়ে যায়। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে শুক্রবার গোপলনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন বেশ কয়েকজন গ্রাহক। তদন্তে নেমে গোপালনগর থানার পুলিস তিনজন মহিলাকর্মীকে গ্রেপ্তার করেছে। তাদের হেফাজতে নিয়ে বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিস।
সম্পর্কিত সংবাদ