নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একটি বহুজাতিক কোম্পানির এজেন্ট পরিচয় দিয়ে ফোন করা হতো, জিজ্ঞাসা করা হতো ঋণের প্রয়োজন কি না। কেউ রাজি হলে বলা হতো, এ’জন্য একটি বিমা করাতে হবে। আর তার রেজিস্ট্রেটশন ফি বাবদ দিতে হবে পাঁচ হাজার টাকা। এই টোপ গিলে অনেকেই টাকা খোয়াচ্ছিলেন। কল সেন্টার খুলে চলছিল এই প্রতারণার ব্যবসা। লালবাজারের সাইবার থানার অফিসারদের তল্লাশিতে ধরা পড়ে গেলেন প্রতারক চক্রের পান্ডা সহ সাতজন। তার মধ্যে রয়েছেন তিন মহিলা। শনিবার রাতে তাঁদের সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে ধরা হয়।



