লখনউ: আগামী ১৩ জানুয়ারি থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বসছে পূর্ণকুম্ভের আসর। এরইমাঝে বিস্ফোরণের হুমকি ঘিরে শোরগোল পড়ে। গত ৩১ ডিসেম্বর ‘নাসির পাঠান’ পরিচয় দিয়ে সোশ্যাল মিডিয়া মারফৎ এই হুমকি দেওয়া হয়েছিল। পরে পুলিসি তদন্তে জানা গিয়েছে, এটি নিছকই ভুয়ো হুমকি। কোনও জঙ্গি নয়, এর পিছনে রয়েছে একাদশ শ্রেণির এক পড়ুয়া। নাম আয়ুষ কুমার জয়সওয়াল। বাড়ি বিহারের পুর্নিয়া জেলার সাদিগঞ্জে। জানা গিয়েছে, নাসির নামের এক প্রতিবেশীকে ফাঁসাতে এই কাণ্ড ঘটিয়েছে সে। শনিবার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিস।
Advertisement
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ওই হুমকি বার্তা। তড়িঘড়ি ঘটনার তদন্তে নামে পুলিস। আই পি অ্যাড্রেস ট্র্যাক করে অভিযুক্তর খোঁজ মেলে। তারপর তাকে ধরতে তিনটি আলাদা আলাদা দল গঠন করা হয়। শনিবার বিহার পুলিসের সহায়তার তাকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ পুলিস। ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রয়াগরাজে আনা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রতিবেশী নাসিরের সঙ্গে বিবাদের জেরে তাকে ফাঁসাতে চেয়েছিল আয়ুষ। তাই তার নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে আয়ুষ হুমকি দেয় বলে অভিযোগ।



