Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রতিবাদের ভিডিও ভাইরাল হতেই রাস্তা ঠিক করে দিল ঠিকাদার সংস্থা

প্রতিবাদের ভিডিও ভাইরাল হতেই রাস্তা ঠিক করে দিল ঠিকাদার সংস্থা
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানকর: কাঁকসা ব্লকের ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েতের হরেকৃষ্ণ পল্লির একটি রাস্তা তৈরির কাজ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। পথশ্রী প্রকল্পে তৈরি রাস্তাটি নিয়ে স্থানীয়রা তাই প্রতিবাদ জানান সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। সেই প্রতিবাদের একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিবাদ করার পরে ওই সংস্থা রাস্তা ঠিক করে দেয়। যদিও স্থানীয়দের বক্তব্য, নিম্নমানের সরঞ্জাম এবং ৬ ইঞ্চি পুরু করে ঢালাইয়ের বদলে দু’আড়াই ইঞ্চি ঢালাই দিলে কিছুদিনের মধ্যেই রাস্তা ভাঙবে। তখন এলাকার বাসিন্দাদেরই সমস্যা হবে। তবে বিষয়টি নিয়ে কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন, অভিযোগ জানানোর এটা সঠিক পদ্ধতি নয়। পাশেই বিডিও অফিস রয়েছে। সেখানে অভিযোগ জানালে গুরুত্ব দিয়ে দেখা হতো এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হতো। এভাবে ভিডিও ভাইরাল করা মানে সরকারের জনমুখী প্রকল্পকে বদনামের চেষ্টা করা। হরেকৃষ্ণ পল্লিতে দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবি ছিল। সম্প্রতি পথশ্রী প্রকল্পে রাস্তার কাজ শুরু হয়। রাস্তার বেশ কিছুটা অংশে সূচি অনুযায়ী কাজ হচ্ছিল না। তারই প্রতিবাদ করা হয়। ঠিকাদার সংস্থার কর্মীদের সঙ্গে বচসা পরিস্থিতিও তৈরি হয়। সেই সময় একটি ভিডিও করা হয়। তাতে দেখা যায়, রাস্তা ঢালাইয়ের কাজে অনিয়ম করা হচ্ছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা। নতুন ঢালাই সরিয়ে দেখা যায় বালি দিয়ে রাস্তা উঁচু করা হয়েছে। তারপরেই কাজ বন্ধ করে দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, প্রায় ১৫০ মিটার চওড়া এই রাস্তা তৈরিতে খরচ হচ্ছে ৫ লক্ষ টাকারও বেশি। রাস্তাটি ৬ ইঞ্চি ঢালাইয়ের কথা থাকলেও বেশ কিছু ক্ষেত্রে মাত্র ২-৩ ইঞ্চি ঢালাই দেওয়া হচ্ছিল। তারই প্রতিবাদ করা হয়। এলাকার বাসিন্দা শুকদেব হালদার, দীনেশ দাসরা বলেন, রাস্তার কাজ ঠিক করে হচ্ছিল না। বিজেপির স্থানীয় পঞ্চায়েত সদস্য রবীন্দ্রনাথ ওঝা বলেন, শিডিউল মেনে কাজ হচ্ছিল না। স্থানীয় সূত্রে জানতে পেরে আমি ওখানে উপস্থিত হয়ে কাজ বন্ধ করে দিই। স্থানীয়রা জানান, প্রতিবাদ করার পরে ঠিকাদার সংস্থা রাস্তা ঠিক করে দিয়েছে। তবে নজর এড়িয়ে কেন এই প্রচেষ্টা, তা নিয়ে প্রশ্ন উঠছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ