Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পোর্ট ট্রাস্ট চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মেয়র

পোর্ট ট্রাস্ট চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মেয়র
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের বিভিন্ন অংশে গঙ্গা ভাঙন রোধ, পাড় বাঁধাই, ঘাট সংস্কার সহ বেশ কয়েকটি ইস্যুতে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতে চলেছে কলকাতা পুরসভা। সূত্রের খবর, আগামী ৪ ডিসেম্বর মেয়র ফিরহাদ হাকিম এবং পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান কেন্দ্রীয় পুরভবনে ওই বৈঠক করবেন। সেখানে বন্দর কর্তৃপক্ষের আওতাধীন বিভিন্ন রাস্তার রক্ষণাবেক্ষণ এবং বন্দরের জমি সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।
Advertisement
সম্প্রতি নিমতলা ঘাটের ভগ্নদশা এবং বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ভাঙন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ফিরহাদ। তখনই তিনি এ বিষয়ে বন্দরের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছিলেন। বিভিন্ন জায়গায় গঙ্গার পাড় বাঁধাইয়ের পাশাপাশি বন্দরের ফাঁকা জমিতে গাছ লাগিয়ে ভাঙন রোধের পরিকল্পনার কথাও জানান মেয়র। নারকেল বা ম্যানগ্রোভ জাতীয় গাছ, যা মাটি ধরে রাখতে পারে, সেগুলি লাগানোর কথা বলেন। বাবুঘাটের বাজেকদমতলা ঘাট সংলগ্ন গঙ্গাপাড়ের ফাঁকা জমিতে এমন ধরনের কিছু গাছ ইতিমধ্যে লাগানোও হয়েছে। কিন্তু গঙ্গাপাড়ের বিস্তীর্ণ অঞ্চল বন্দরের আওতাধীন হওয়ায় সর্বত্র সেই কাজ করা যায়নি। এছাড়া, কোন কোন ঘাট বিপজ্জনক অবস্থায় রয়েছে, অগ্রাধিকারের ভিত্তিতে কোন ঘাটের সংস্কার আগে প্রয়োজন—সে সংক্রান্ত রূপরেখাও চূড়ান্ত হতে পারে ৪ তারিখের বৈঠকে। 
বন্দরের কিছু জমি শহরের পরিকাঠামো উন্নয়ন সহ অন্যান্য কাজে ব্যবহার করা যায় কি না, তা নিয়েও মেয়র কথা বলতে পারেন। স্ট্র্যান্ড রোড ও ডালহৌসি এলাকায় পার্কিং সমস্যার সমাধানে গঙ্গার ধারে বন্দরের মালিকানাধীন একটি পরিত্যক্ত জমি নজরে ছিল পুরসভার। তবে কাজ আর এগয়নি। তা নিয়েও কথা হবে বৈঠকে। বন্দরের বিভিন্ন জমির সম্পত্তি কর বকেয়া রয়েছে। এক পুরকর্তার কথায়, ‘দু’পক্ষের শীর্ষকর্তা যখন বৈঠকে বসছেন, তখন দীর্ঘদিনের এই জটিলতাগুলি কাটার একটা সম্ভাবনা তো আছেই।’ 
সম্পর্কিত সংবাদ