সংবাদদাতা, ইসলামপুর: প্রয়াত রামগঞ্জের মস্তান বাবা। সোমবার সকালে তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। উত্তর দিনাজপুর জেলার রামগঞ্জ বাসস্টপ সংলগ্ন এলাকায় ৩১নং জাতীয় সড়কের পাশে খোলা আকাশের নীচে বাঁশের মাচার উপরই মস্তান বাবা কাটিয়েছেন তিন দশক। তাঁর আসল পরিচয় এবং কেন এতদিন এভাবে কাটালেন, তা নিয়ে অনেকের অনেক মত রয়েছে। স্থানীয় সূত্রে খবর, কয়েক বছর আগে মস্তান বাবার পরিবার তাঁকে এখানে খুজে পায়। এরপর জানা যায় তাঁর আসল নাম মহম্মদ খাদিম হুসেন বরকত। হুগলি জেলার এই বাসিন্দা স্থানীয় একটি জুটমিলের কর্মী ছিলেন। সেখান থেকে কেন এই এলাকায় এসেছিলেন, তা আজও রহস্য।



