সংবাদদাতা, বসিরহাট: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আহত হলেন সাতজন। হাড়োয়ার খলিসাদী এলাকায় পার্টি অফিস দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় রবিবার। একে কেন্দ্র করে উভয় গোষ্ঠীর মোট সাতজন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিস বাহিনী। তবে আহতদের হাড়োয়া গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়। হাড়োয়ার প্রাক্তন ব্লক তৃণমূলের সভাপতি ফরিদ জমাদার ও নব্য তৃণমূলের সভাপতি সিরাজুল ইসলামের অনুগামীদের মধ্যে এই সংঘর্ষ হয়। নতুন ব্লক সভাপতি হওয়ার পর থেকেই পুরনো ব্লক সভাপতি গোষ্ঠী ও নতুন ব্লক সভাপতি গোষ্ঠীর মধ্যে মাঝেমধ্যেই গন্ডগোল লেগেই আছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।



