নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনায় হাসপাতালের আরএমও ডাক্তার সৌমেন দাসকে সোমবার জিজ্ঞাসাবাদ করল সিআইডি। নোটিস পাঠিয়ে তাঁকে এদিন আসতে বলা হয়েছিল। ওইদিন তিনি কোথায় ছিলেন, এই নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। তাঁর উত্তর যাচাই করে দেখছেন তদন্তকারীরা।
Advertisement
প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনার তদন্তে নেমে সিআইডি ওইদিন হাসপাতালের ওটি রুমে উপস্থিত নার্সসহ অন্যদের জিজ্ঞাসাবাদ করে জেনেছে, ঘটনার সময় হাসপাতালে ছিলেন না আরএমও। যদিও খাতায়কলমে তাঁর হাজিরা দেখানো হয়েছিল। পিজিটি ডাক্তাররাই অপারেশন করছিলেন। অপারেশনের সময় জুনিয়র ডাক্তররা সমস্যায় পড়েন। তাঁরা সিনিয়র চিকিৎসকদের সহযোগিতা চেয়েও পাননি। এই প্রসঙ্গ জানতে শনিবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। তাঁরা যে অপারেশন করেছিলেন, তা তুলে ধরেন সিআইডির কাছে। এমনকী সিনিয়র না-থাকার বিষয়টিও উঠে আসে। এরপরই আরএমও’কে ডেকে পাঠিয়ে জেরা করার সিদ্ধান্ত হয়। সেইমতো সোমবার ডাক্তার সৌমেন দাসকে ভবানীভবনে ডাকা হয়। বেলা ১২টা নাগাদ তিনি হাজির হন। তাঁর কাছে তদন্তকারীরা জানতে চান, ওইদিন কোথায় গিয়েছিলেন তিনি? সূত্রের খবর, ডাক্তার সৌমেন দাস অফিসারদের জানিয়েছেন, তিনি হাসপাতালে থেকেই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছিলেন। যদিও তিনি ওইদিন সেখানে ছিলেন কি না তা জানতে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তাকারীরা।



