Bartaman Logo
২৭ মে, ২০২৬

পার্সেল খুলতেই পচাগলা মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য দক্ষিণ গোদাবরীতে

পার্সেল খুলতেই পচাগলা মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য দক্ষিণ গোদাবরীতে
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
অমরাবতী, ২০ ডিসেম্বর: অর্থাভাব তাই ঘর তৈরি করতে সাহায্য চেয়ে ক্ষত্রিয় সেবা সমিতির দ্বারস্থ হয়েছিলেন নাগা তুলসি নামের এক মহিলা। ওই সমিতির তরফে তাঁকে সাহায্যের আশ্বাস দিয়ে প্রথমে ফ্লোর টাইলস পাঠানো হয়। পরে ফের ঘরের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র চেয়ে ক্ষত্রিয় সেবা সমিতিতে আর্জি জানান তিনি। তখন সমিতি জানায়, শীঘ্রই ফ্যান, আলো, সুইচবোর্ডের মতো বিভিন্ন সামগ্রীও তাঁকে পাঠিয়ে দেওয়া হবে। নাগা তুলসি যতবারই ক্ষত্রিয় সেবা সমিতির কাছে সাহায্য চেয়েছেন ততবারই পেয়েছেন। ওই সমিতি সমস্ত সামগ্রী পার্সেল করেই পাঠাত। তাই ফ্যান, আলো, সুইচবোর্ড-সহ বিভিন্ন সামগ্রী পাওয়ার আশায় অপেক্ষা করছিল তুলসিদেবী। সেইমতো গতকাল, বৃহস্পতিবার রাতে বাড়ির দরজায় পার্সেল আসার পর সেটি আনন্দ সহকারেই খোলেন তিনি। কিন্তু খুলতেই চক্ষুচড়কগাছ হয়ে যায় নাগা তুলসির। ওই পার্সেলের ভিতরে পচাগলা দেহ দেখতে পান তিনি। সেই সঙ্গে ১ কোটি ৩০ লক্ষ টাকা চেয়ে হুমকি চিঠিও পার্সেলের ভিতর থেকে উদ্ধার করেন তুলসি। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ গোদাবরী এলাকার উন্ডি মণ্ডলের ইয়েন্দাগন্ডি গ্রামে। ওই পার্সেলের ভিতর মৃতদেহটি দেখে রীতিমতো ভয় পেয়ে যায় তুলসি ও পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গেই থানায় খবর দেওয়া হয়। পুলিস কর্মীরা তুলসিদের বাড়িতে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য পাঠায়। জানা গিয়েছে, মৃতদেহটি একজন পুরুষের। যাঁর আনুমানিক বয়স ৪৫ বছর। এই ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিস। জিজ্ঞাসাবাদের জন্য ক্ষত্রিয় সেবা সমিতির সদস্যদেরও ডেকে পাঠানো হয়েছে। নাগা তুলসি জানিয়েছেন, গতকাল রাতে ওই পার্সেলটি বাড়ির দরজার বাইরে কে বা কারা রেখে গিয়েছিল। পুলিস সেই ব্যক্তিকে খুঁজছে। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ