পুরী: পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার সংস্কারের কাজ দ্রুত শুরু করার দাবি জানিয়ে আসছিল মন্দির কর্তৃপক্ষ। এবার সেই কাজে হাত দিতে চলেছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই)। আগামী ১৬ ডিসেম্বর রত্ন ভাণ্ডার সংস্কারের কাজ শুরু হবে। ইতিমধ্যে মন্দিরের নীতি সাব-কমিটির কাছে অনুমতি চেয়েছে এএসআই। সোমবার এএসআই আধিকারিক ডি বি গরনাইক বলেন, সংস্কারের কাজের জন্য ‘টাইম স্লট’ পাওয়ার পরপরই কাজ শুরু হয়ে যাবে। আশা করছি, আগামী ১৬ ডিসেম্বর আমরা কাজে হাত দেব।
Advertisement
মন্দিরের রত্ন ভাণ্ডারের মেঝে এবং বাইরের প্রাচীরে ফাটল দেখা গিয়েছে। তাই দ্রুত সংস্কার শুরু হোক, চাইছে মন্দির কর্তৃপক্ষও। ইতিমধ্যে এব্যাপারে এএসআইকে চিঠিও দিয়েছে। আজ, মঙ্গলবার সংস্কার নিয়ে মন্দিরের সেবাইতদের সঙ্গে বৈঠক হবে বলে জানিয়েছেন পুরীর জেলাশাসক সিদ্ধার্থ শঙ্কর সোয়াইন। ওড়িশার আইনমন্ত্রী পি হরিচন্দন বলেন, সরকারও দ্রুত কাজ শুরু করতে এএসআইয়ের কাছে আর্জি জানিয়েছে।



