Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পরপর তিন সন্তানের মৃত্যু, মন্তেশ্বরে আত্মঘাতী যুবক  

পরপর তিন সন্তানের মৃত্যু, মন্তেশ্বরে আত্মঘাতী যুবক
 
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: মন্তেশ্বর থানার ঘোড়াডাঙায় সন্তান শোকে মানসিকভাবে ভেঙে পড়ে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন এক যুবক। মৃতের নাম বিশ্বজিৎ সাঁতরা। তিনি পেশায় খেতমজুর ছিলেন। গত মঙ্গলবার জমিতে গিয়ে তিনি কীটনাশক খান। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁকে ভাতার হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রবিবার রাতে তিনি মারা যান।
Advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর পাঁচেক আগে তাঁর বিয়ে হয়েছিল। বছর তিনেক আগে তাঁর স্ত্রী সন্তানের জন্ম দেন। প্রসবের কিছুদিন পর সন্তানটি মারা যায়। পরের বছর তাঁর স্ত্রী সন্তান প্রসব করেন। সেই সন্তানও কয়েকমাস পর মারা যায়। এবারও জন্মের কিছুদিনের মধ্যে তাঁর সন্তান মারা যায়। এতে মানসিকভাবে তিনি ভেঙে পড়েন। মৃতের দাদা শ্যামল সাঁতরা বলেন, পরপর সন্তান হারানোর শোক ভাই সহ্য করতে পারেনি। সন্তান হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েই ভাই কীটনাশক খেয়ে নেয়।
দেওয়ানদিঘিতে আত্মঘাতী প্রৌঢ়: দেওয়ানদিঘি থানার নেড়াগোহালিয়ায় মেয়ের বাড়িতে এসে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন এক প্রৌঢ়। মৃতের নাম আবুল রফিক মণ্ডল(৫৭)। নাদনঘাট থানার কামালপুরে তাঁর বাড়ি। রবিবার তিনি মেয়ের শ্বশুরবাড়িতে আসেন। পথে তিনি কীটনাশক খান। মেয়ের শ্বশুরবাড়িতে ঢোকার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। মুখ থেকে কীটনাশকের গন্ধ বের হওয়ায় তাঁর মেয়ে বিষয়টি বুঝতে পারেন। তাঁকে কুড়মুন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবার ভোরে তিনি মারা যান। মানসিক অবসাদে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের লোকজনের দাবি।
বর্ধমানে দেহ উদ্ধার: বর্ধমান শহরের তিনকোনিয়া গুডস শেড রোড এলাকা থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা দেহটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনার বিষয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিস। মৃতের নাম লকাই তুড়ি(৪৮)। আউশগ্রাম থানার গুসকরার তুড়িপাড়ায় তাঁর বাড়ি। তিনি পেশায় রিকশচালক ছিলেন। বর্ধমান শহরে তিনি রিকশ চালাতেন। কীভাবে তাঁর মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিস।
খণ্ডঘোষে গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার: খণ্ডঘোষের মোল্লাপাড়ায় গাছ থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। রবিবার বিকেলে স্থানীয় বাসিন্দারা মাঠের মধ্যে গাছে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন। পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতের নাম বুলু ওড়াং(২৮)। বর্ধমান শহরের রথতলার মুচিপাড়ায় তাঁর বাড়ি। রবিবার তিনি দিদিরবাড়ি মোল্লাপাড়ায় যান। মানসিক অবসাদজনিত কারণে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের লোকজনের অনুমান।
Advertisement
সম্পর্কিত সংবাদ