নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সমাজের প্রান্তিক পরিবারের সন্তানদের জন্য ‘ক্রেস’, অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য শহরের বুকে ‘লেবার চক’ তৈরি করা সহ একাধিক পরিকল্পনা নিয়েছে কলকাতা পুরসভা। সাফাই কর্মী, বাড়ির পরিচারিকা, নির্মাণ কর্মী থেকে শুরু করে যৌনকর্মী কিংবা অ্যাপ নির্ভর গাড়ি-বাইকের চালক এবং তাঁদের পরিবার, এমনকী ভবঘুরেরাও এই উদ্যোগের ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উপকৃত হবেন। ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশনের আওতায় শহরের প্রান্তিক মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কিছু পরিকল্পনা নিয়েছে ফিরহাদ হাকিমের নেতৃতাধীন পুরবোর্ড।
Advertisement
কর্তৃপক্ষ জানাচ্ছে, বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তার মধ্যে মেয়র বিশেষ করে চাইছেন, প্রান্তিক মানুষের সন্তানদের জন্য ‘ক্রেস’ তৈরি করতে। পুরসভার এক শীর্ষকর্তা বলেন, অনেক মহিলা নির্মাণ শ্রমিক কিংবা সাফাই কর্মী হিসেবে কাজ করেন। লোকের বাড়িতেও পরিচারিকার কাজ করেন। পাশাপাশি, পেশার স্বার্থে যৌনকর্মীরা নিজেদের বাচ্চাকে বাড়িতে রেখে কাজে আসেন। এই পরিস্থিতিতে তাঁদের সন্তানদের নিরাপদে রাখার জন্য তেমন কোনও সুযোগ থাকে না। উল্টে তাঁরা সন্তানদের সঙ্গে নিয়েই কাজ করেন। এতে বাচ্চার উপর মানসিক প্রভাব পড়ে। তাই মেয়র বিশেষভাবে এই বাচ্চাদের রাখার জন্য ‘ক্রেস’ তৈরির আইডিয়া দিয়েছেন। পাশাপাশি অ্যাপ-ক্যাব বা অ্যাপ-বাইক ও ডেলিভারি কর্মীদের জন্য শহরের কিছু অঞ্চলে ‘লেবার চক’ তৈরির পরিকল্পনা করা হয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গা চিহ্নিত করা হয়েছে। কর্তৃপক্ষ জানাচ্ছে, সেখানে শেড করে বসার জায়গার পাশাপাশি পানীয় জলের সংযোগ দেওয়া হবে। যাতে বাইকচালক কিংবা ডেলিভারি বয়রা সেখানে কাজের ফাঁকে বিশ্রাম নিতে পারেন। ফিরহাদ হাকিম চাইছেন, প্রান্তিক মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে পদক্ষেপ করা হোক। সেই লক্ষ্যে এই স্কিমের আওতায় তাদের নার্সিং ট্রেনিং থেকে শুরু করে হসপিটালিটি ম্যানেজমেন্টের পাঠ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যেই চেতলা অঞ্চলের সব্জিবাগানে একটি জায়গা চিহ্নিত হয়েছে। সেখানে পুরসভা পিপিপি মডেলে একটি নার্সিং ট্রেনিং সেন্টার খুলতে চাইছে। এক কর্তা বলেন, আমরা শুধু জায়গা দেব। গোটাটাই পরিচালনা করবে বেসরকারি সংস্থা। তবে সেখানে সর্বোচ্চ ৩৩ শতাংশ আসন পুরসভার জন্য খালি রাখতে হবে। যেখানে পুরসভা গরিব ঘরের ছেলে-মেয়েদের বিনামূল্যে নার্সিং ট্রেনিং দেবে। অন্যদিকে, দেশের এক নামজাদা হোটেল গোষ্ঠীর সঙ্গেও চুক্তিবদ্ধ হতে চলেছে পুরসভা। ওই সংস্থা এই গরিব পড়ুয়াদের হসপিটালিটি ম্যানেজমেন্টের ট্রেনিং দিয়ে নিজেদের বিভিন্ন হোটেলে কাজে নিযুক্ত করবে বলে জানিয়েছে।



