Bartaman Logo
২৭ মে, ২০২৬

পর্নোগ্রাফি কাণ্ড: অবশেষে মুখ খুললেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা

পর্নোগ্রাফি কাণ্ড: অবশেষে মুখ খুললেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
মুম্বই, ১৭ ডিসেম্বর: পর্নোগ্রাফি কাণ্ডে ২০২১ সালের জুলাই মাসে মুম্বই পুলিসের হাতে গ্রেপ্তার হন ব্যবসায়ী রাজ কুন্দ্রা। সেই খবরে তোলপাড় পড়ে যায় গোটা দেশে। রাজের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি মডেলদের দিয়ে পর্ন ছবির শ্যুট করিয়ে একটি অ্যাপের মাধ্যমে বাজারে ছাড়তেন। পরে সেটি মোটা টাকায় বিক্রিও করতেন। মুম্বই পুলিস জানিয়েছিল, রাজের জুহুর বাড়ি থেকে প্রায় ৭০টির মতো পর্নোগ্রাফির সিডিও পাওয়া যায়। এই মামলায় দীর্ঘদিন জেলও খেটেছেন তিনি। তবু পর্নোগ্রাফি কাণ্ডে এতদিন মুখ খোলেননি অভিনেত্রী শিল্পা শেট্টীর স্বামী। আজ, মঙ্গলবার সংবাদসংস্থাকে গোটা বিষয়টি নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন রাজ। কিন্তু এতদিন বাদে কেন মুখ খুলছেন তিনি। তার উত্তরে শিল্পার স্বামী জানিয়েছেন, ‘এতদিন নীরব ছিলাম, কারণ সেটাই ঠিক মনে হয়েছে। আনন্দে ছিলাম। কিন্তু কিছু বিষয়ের সঙ্গে যখন পরিবার জড়িয়ে পড়ে তখন চুপ করে থাকা উচিত নয়। কথা বলা উচিত বলে মনে হয় আমার। আমি চুপ থাকলে মানুষ মনে করবে কিছু লুকোচ্ছি’। রাজ আরও জানান, ‘আজকের তারিখ পর্যন্ত পর্নোগ্রাফির সঙ্গে যুক্ত নই আমি। ছিলামও না কোনওদিন। কোনও পর্ন ছবির শ্যুটিং কিংবা প্রযোজনাও করিনি আমি। যখন আমার বিরুদ্ধে এইধরনের অভিযোগগুলি তোলা হল, তখন আমি খুবই কষ্ট পেয়েছিলাম। কোনও তথ্যপ্রমাণ না থাকার কারণেই আমি জামিন পেয়েছি। কোনও ভুল কাজ করিনি। যে অ্যাপটিকে কেন্দ্র করে পর্নোগ্রাফির অভিযোগ উঠেছিল তাতে সেইধরনের কোনও বস্তুই ছিল না। আমি শুধু আমার ভাইয়ের কোম্পানিতে প্রযুক্তিগত দিকটা দেখতাম। সেই সংক্রান্ত পরিষেবাই দিতাম। তখনই একটি অ্যাপ নিয়ে আসে আমার ভাই। যেটি পরিচালনা করা হচ্ছিল ব্রিটেন থেকে। সেখানে কিছু বোল্ড দৃশ্য দেখানো হতো। তবে সেটি প্রাপ্তবয়স্কদের জন্যই ছিল। সেটাকে পর্নোগ্রাফি বলা যায় না। আমার সঙ্গে দেখা করেছে ও সিনেমায় কাজ করেছে এমন অভিযোগ কোনও মেয়ে করতে পারবেন না। কিন্তু মিডিয়া বলছে রাজ কুন্দ্রা নাকি ১৩টি পর্নোগ্রাফি অ্যাপের সঙ্গে যুক্ত ছিলেন। আমি শুধুমাত্র প্রযুক্তি সংক্রান্ত বিষয়ের সঙ্গেই যুক্ত ছিলাম। আর ওই অ্যাপে কোনও খারাপ বিষয় ছিল না।’ পর্নোগ্রাফি কাণ্ডের বিচার প্রক্রিয়া প্রসঙ্গে রাজ জানিয়েছেন, ‘এই মামলার তিন বছর হয়ে গিয়েছে। আমি দেশের বিচার ব্যবস্থার উপর ভরসা রেখেছি। যদি আমি দোষী হই আমাকে অভিযুক্ত করুন, নইলে আমাকে এই মামলা থেকে অব্যাহতি দিন’। ২০২১ সালের জুলাই মাসের ১৯ তারিখ রাজ ও তাঁর সঙ্গী রায়ান থর্পকে পর্নকাণ্ডে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে পর্নোগ্রাফিক ফিল্ম তৈরি করে বিভিন্ন অ্যাপে প্রকাশ করার অভিযোগ উঠেছিল। গ্রেপ্তারের পরে নানা ধরনের বিতর্কে বারবার খবরের শিরোনামে উঠে এসেছিলেন অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী। এমনকী, চার্জশিটে শিল্পার বয়ানও নেওয়া হয়েছিল। প্রায় দু’মাস পর এই মামলায় জামিন পান অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। ৫০ হাজার টাকার বন্ডের বিনিময়ে তাঁর জামিন মঞ্জুর করা হয়েছিল। কিছুদিন আগেই পর্নোগ্রাফি কাণ্ডে আর্থিক তছরুপের মামলায় রাজকে জেরা করে ইডি। এমনকী তাঁর বাড়িতে তল্লাশিও চালায় কেন্দ্রীয় এজেন্সি।
Advertisement
সম্পর্কিত সংবাদ