Bartaman Logo
২৭ মে, ২০২৬

প্রিয়াঙ্কা গান্ধী জামাত সমর্থিত প্রার্থী, কটাক্ষ কেরলের মুখ্যমন্ত্রীর

প্রিয়াঙ্কা গান্ধী জামাত সমর্থিত প্রার্থী, কটাক্ষ কেরলের মুখ্যমন্ত্রীর
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
কোচি, ৮ নভেম্বর: জামাত-ই-ইসলামির সাহায্যে ভোটে লড়ছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ওয়াধেরা। এবার বিজেপির সুরে সুর মিলিয়ে কটাক্ষ করলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও। রাহুল গান্ধীর ছেড়ে আসা কেরলের ওয়েনাড় আসনে উপ-নির্বাচনে লড়ছেন প্রিয়াঙ্কা। দিনরাত এক করে ভোটপ্রচার করছেন। রাখছেন একাধিক জনসভায় বক্তৃতাও। ওয়েনাড় আসনে জিততে কার্যত মরিয়া তিনি। সেটা তাঁর পরিশ্রম দেখেই চোখে পড়েছে সকলের। ফলে এবার প্রিয়াঙ্কা গান্ধীকে আক্রমণ করতে গিয়ে বিজেপির কায়দাতেই সুর চড়িয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী। বিজয়ন বলেছেন, ‘ওয়েনাড়ে প্রিয়াঙ্কা গান্ধী লড়াই করছেন জামাত-ই-ইসলামি সমর্থিত প্রার্থী হিসেবেই। এবার কংগ্রেস স্পষ্ট করে বলুক ওদের অবস্থানটা কী? জামাত-ই-ইসলামির সঙ্গে আমাদের দেশের কোনও সম্পর্ক নেই। ওদের কোনও গণতান্ত্রিক মূল্যবোধও নেই।’ বিজয়নের যুক্তি, ‘জামাত-ই-ইসলামি গণতন্ত্রে বিশ্বাস রাখে না। ওটা মৌলবাদীদের দল।’ ওয়েনাড়ে ‘জামাত-ই-ইসলামি’র রাজনৈতিক সংগঠন ওয়েলফেয়ার পার্টি সমর্থন জানিয়েছে কংগ্রেসকে। সেই কারণেই প্রিয়াঙ্কা গান্ধী তথা কংগ্রেসের উপর আক্রমণ শানিয়েছেন বর্ষীয়ান নেতা বিজয়ন। যদিও কেরলের মুখ্যমন্ত্রীর এই বক্তব্য বিজেপির কাছে বাড়তি অস্ত্র বলেই মনে করছে রাজনৈতিক মহল।
Advertisement
সম্পর্কিত সংবাদ