Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পুরনো সাদা-কালো ভোটার কার্ড বাতিল গুজব শুনে নতুনের জন্য আবেদনের হিড়িক

পুরনো সাদা-কালো ভোটার কার্ড বাতিল গুজব শুনে নতুনের জন্য আবেদনের হিড়িক
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ‘পয়লা জানুয়ারি থেকে পুরনো সাদা-কালো ভোটার কার্ড বাতিল হয়ে যাবে’– গ্রামেগঞ্জে এমন গুজব ছড়িয়েছিল। তার জেরে নয়া কার্ড পেতে বিপুল আবেদন জমা পড়ল। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন বিধানসভা এলাকায় এই ছবি দেখা গিয়েছে। ঠিকানা পরিবর্তন, পুরনোর বদলে নয়া কার্ড ইত্যাদির জন্য ফর্ম ৮ জমা দিতে হয়। বিভিন্ন বিধানসভায় সেই ফর্ম প্রচুর জমা পড়তেই সন্দেহ হয়েছিল প্রশাসনিক কর্তাদের। তখন বুথ লেভেল অফিসারদের মাধ্যমে খোঁজখবর শুরু করেন তাঁরা। জানা যায় এই গুজবের ব্যাপারটি। প্রশাসন হিসেব করে দেখেছে, এই কারণে প্রায় ১৫ হাজার ফর্ম এসেছে। তার মধ্যে পাথরপ্রতিমায় সব থেকে বেশি আবেদন পড়েছে। গ্রামবাসীদের একাংশ বলছে, পুরনো যে কার্ড ছিল, সেটা নাকি আর চলবে না- এমন খবর চাউর হয় গ্রামে। আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। তাই নতুন কার্ডের জন্য দরখাস্ত দিয়েছি। সূত্রের খবর, কারা এমন গুজব ছড়াল, এখন সেই খোঁজ চলছে। প্রশাসনের এক কর্তা বলেন, নতুন কার্ডের আবেদন যে কেউ করতেই পারেন। এতে অসুবিধা নেই। কিন্তু যে কারণে এবার নতুন কার্ডের জন্য এত ফর্ম পড়েছে, সেটা বিভ্রান্তি ছড়ানোর জন্য করা হয়ে থাকতে পারে। গতবার এমন প্রবণতা ছিল না।
Advertisement
সম্পর্কিত সংবাদ