সংবাদদাতা, বোলপুর: প্রকাশ্য দিবালোকে লুটপাট ও মারধরের পুরনো মামলা থেকে নিষ্কৃতি পেলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ সাতজন। ১৯৯৪ সালে দায়ের করা ওই মামলা বোলপুর আদালতে চলছিল। পুলিস ও আদালত সূত্রে জানা গিয়েছে, নানুরের চারকলগ্রামের বাসিন্দা কালাম শেখ ১৯৯৪ সালের ২০ নভেম্বর মারধর ও লুটপাটের অভিযোগ তুলে নানুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন মোট ১৬ জনের বিরুদ্ধে। তারমধ্যে কাজল শেখ ও তার তিন দাদা অন্যতম অভিযুক্ত ছিলেন। অভিযোগের প্রেক্ষিতে ঘটনা তদন্ত শুরু করে নানুর থানা। দু’বছরের মাথায় এই মামলার চার্জশিট বোলপুর আদালতে পেশ করে পুলিস। মামলা প্রসঙ্গে সরকারি আইনজীবী উদয়কুমার গড়াই বলেন, এই মামলায় নয়জন অভিযুক্ত আগেই প্রয়াত হয়েছেন। অভিযোগকারী সহ মোট দুইজন এই মামলায় সাক্ষ্যদান করেছিলেন। সওয়াল জবাব শেষে এদিন শুনানিতে বিচারক মোহাম্মদ আমিরউদ্দিন আলি অভিযোগ খারিজ করে অভিযুক্তদের এই মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।
Advertisement
এ প্রসঙ্গে কাজল শেখ বলেন, বাম জমানায় এরকম বহু মিথ্যা মামলায় আমাকে জড়ানো হয়েছিল। আইন ও বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা ছিল। সঠিক বিচারের জন্য বিচার ব্যবস্থাকে ধন্যবাদ জানাই।



