নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাগুইআটিতে তোলা না দেওয়ায় এক প্রোমোটারকে ব্যাপক মারধর করেছিলেন স্থানীয় কাউন্সিলার ও তাঁর অনুগামীরা। এরপর থানায় অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। শুধু তাই নয়, ওই প্রোমোটারকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি। বাধ্য হয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই প্রোমোটার। এই মামলার প্রেক্ষিতে প্রোমোটারকে নিরাপত্তার নির্দেশ দিল হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, মামলাকারীর নিরাপত্তার জন্য তাঁর বাড়িতে দুই পুলিস আধিকারিককে মোতায়েন করতে হবে বিধাননগর কমিশনারেটকে।
Advertisement
বিধাননগর পুরসভার অনুমতি সাপেক্ষে নিজের জমিতে বহুতল নির্মাণ করছিলেন প্রোমোটার কিশোর হালদার। তাঁর অভিযোগ, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সমরেশ চক্রবর্তী তাঁর কাছ থেকে ৫০ লক্ষ টাকা তোলা চান। প্রথমে তিনি কাউন্সিলারকে তিন লক্ষ দেন। কিন্তু বাকি টাকা না দেওয়ায় তাঁকে বেধড়ক মারধর করা হয়। এরপর অভিযুক্ত কাউন্সিলার গ্রেপ্তার না হলেও নিম্ন আদালতে মামলা চলাকালীন প্রোমোটারকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সেই ঘটনায় প্রোমোটারকে নিরাপত্তার নির্দেশ দিল হাইকোর্ট।



