লখনউ: ‘ব্লাইন্ড ডেট’। প্রেমের টোপে পা দিয়ে বিপাকে পড়লেন এক প্রৌঢ়। এক মহিলার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। কিন্তু এই সাক্ষাৎই যে বিপদ ডেকে আনতে পারে, তা ঘুণাক্ষরেও টের পাননি লালু চৌবে নামে ওই প্রৌঢ়। তাঁকে অপহরণের পর পরিবারের কাছে তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে দুষ্কৃতীরা। তবে তাদের এই ছক বানচাল করে দিয়েছে পুলিস। উত্তরপ্রদেশের এই ঘটনায় উদ্ধার করা হয়েছে লালুকে। সেইসঙ্গে এক মহিলা সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিস। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার থেকে ললিতপুরের বাসিন্দা লালুকে ঝাঁসিতে আটকে রেখেছিল দুষ্কৃতীরা।
Advertisement
অপহরণকারীদের ফোন পেয়ে পুলিসের দ্বারস্থ হয় লালুর ছেলে। তবে পুলিসি হস্তক্ষেপের আগেই ভয়ে অপহরণকারীদের এক লক্ষ টাকা দিয়ে ফেলে লালুর পরিবার। অভিযোগ পেয়ে একাধিক দল গঠন করে তদন্তে নামে পুলিস। মুক্তিপণের টাকা দিতে এক কনস্টেবলকে লালুর ছেলে সাজিয়ে পাঠানো হয়। তাঁকে অনুসরণ করেই অভিযুক্তদের ডেরায় পৌঁছয় পুলিস। তড়িঘড়ি পুরো এলাকা ঘিরে ফেলা হয় আর হাতেনাতে কিরণ, অখিলেশ আহিরওয়ার ও সতীশ সিং বুন্দেলা নামে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তাদের জেরা করে জানা গিয়েছে, লালুকে ফাঁদে ফেলতে প্রথমে কিরণকে দিয়ে ফোন করানো হয়েছিল। এরপর প্রেমের প্রস্তাব দেওয়ার পাশাপাশি দেখা করার জন্য তাঁকে ঝাঁসিতে ডাকা হয়েছিল। তারপর সেখানেই দুষ্কৃতীদের খপ্পরে পড়েন তিনি। তাঁকে অপহরণ করে একটি গোপন ডেরায় নিয়ে যায় তারা। এরপর লালুর পরিবারকে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়।



