Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজ ছাত্রীকে খুনের হুমকি, গ্রেপ্তার অভিযুক্ত

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজ ছাত্রীকে খুনের হুমকি, গ্রেপ্তার অভিযুক্ত
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বনগাঁ: প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজ ছাত্রীকে মারধরের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এমনকী, এই প্রস্তাবে রাজি না হলে তাঁকে খুন করার পর লাশ গুম করে দেওয়ারও হুমকি দিয়েছে বলে অভিযোগ। এই ঘটনার পর আতঙ্কে ছাত্রী ও তাঁর পরিবার। এ কথা জানিয়ে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রী। তার ভিত্তিতে তদন্তে নেমে শুক্রবার বিকেলে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিস।
Advertisement
বনগাঁ থানা এলাকার বাসিন্দা প্রথম বর্ষের ওই কলেজ ছাত্রীর অভিযোগ, তিন মাস আগে উৎপল বন্দ্যোপাধ্যায় নামের এক যুবকের সঙ্গে তাঁর ও সহপাঠীদের বন্ধুত্ব হয়। সম্প্রতি কলেজ যাওয়ার পথে ওই যুবক তাঁকে প্রেমের প্রস্তাব দেয়। ওই প্রস্তাব প্রত্যাখ্যান করায় সে তাঁকে রাস্তায় দেখলেই উত্ত্যক্ত করতে শুরু করে। এমনকী, হাত ধরে টানাটানি ও মারধর করেছে বলেও অভিযোগ। শুধু তাই নয়, প্রেমের প্রস্তাব না মানলে তাঁকে খুন করে লাশ গায়েব করে দেবে বলেও হুমকি দেয় সে। এতদিন ভয়ে বাড়িতে কিছুই বলেননি ওই ছাত্রী। বৃহস্পতিবার সকালে বনগাঁর ত্রিকোণ পার্ক এলাকায় টিউশন পড়তে গিয়েছিলেন ওই ছাত্রী। অভিযোগ, টিউশন শিক্ষকের বাড়ির কাছেই ছাত্রীর পথ আটকায় অভিযুক্ত। তাঁকে কটূক্তি ও অশ্লীল কথাবার্তা বললে প্রতিবাদ করেন তিনি। এরপরই হাত ধরে টানাটানি ও মারধর করা হয় বলে অভিযোগ। সেদিনও সাফ জানায়, ‘শেষবার বলছি, কথা না শুনলে প্রাণে মেরে ফেলা হবে’।
বাড়ি ফিরে ছাত্রীটি চুপ করে বসে থাকায় সন্দেহ হয় পরিবারের। প্রথমে বলতে না চাইলেও পরিজনদের চাপে হাউহাউ করে কেঁদে ফেলেন তিনি। বাবাকে পুরো ঘটনার কথা বলেন ছাত্রীটি। এরপর এদিন নিজেই গিয়ে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। ছাত্রীর বাবা বলেন, মেয়ের মুখ দেখেই বুঝেছিলাম, কিছু একটা হয়েছে। মুখ কালো করে বসে ছিল। এই ঘটনার পর থেকে আমরা আতঙ্কে আছি। কী করে মেয়ে কলেজে যাবে, সেই চিন্তায় ঘুম ছুটেছে। জানা গিয়েছে অভিযুক্ত যুবক মুম্বইয়ের বাসিন্দা। সে বনগাঁ শহরে তার এক আত্মীয়ের বাড়িতে থাকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
সম্পর্কিত সংবাদ