Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরুলিয়ায় শুরু সবুজ সাথীর সাইকেল বিলি

পুরুলিয়ায় শুরু সবুজ সাথীর সাইকেল বিলি
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: হাইস্কুলে ওঠার পর থেকে একটা সাইকেলের জন্য বাবার কাছে কতই না বায়না করেছিল পুরুলিয়ার শুভ মাহাত। দিনমজুর বাবা তা কিনে দিতে অপারক। তাই বাড়িতে জং ধরে যাওয়া সাইকেল সারিয়ে দিয়েছিলেন ছেলেকে। বুধবার বোঙ্গাবাড়ির কৃষক বাজার থেকে ‘সবুজ সাথী’র নতুন সাইকেল পেতেই আনন্দ আর ধরে না শুভর। পুরুলিয়া জেলা প্রশাসন সূত্রের খবর, এবছর পুরুলিয়া জেলায় মোট ৫১ হাজার ৩৮৩জন পড়ুয়াকে বিনামূল্যে সবুজ সাথীর সাইকেল দেওয়া হবে। গত শুক্রবার থেকেই শুরু হয়েছে সাইকেল বিলি। বুধবার পর্যন্ত প্রায় ৬হাজার ৩৬ জন পড়ুয়াকে সাইকেল বিলি করেছে জেলা প্রশাসন। নবম শ্রেণি থেকে যে সমস্ত পড়ুয়া দশম শ্রেণিতে উঠল, তাদের সাইকেল দেওয়া হচ্ছে। মঙ্গলবার সাইকেল হাতে পেয়েছে পাড়া ব্লকের দুবড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিশ্বজিৎ মোদক, জয়দেব পাণ্ডে, মহাবীর স্বর্ণকার। সাইকেল হাতে পেয়েই আনন্দে ঘুরতে বেরিয়ে পড়েছে তিন বন্ধু। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আর্থ-সামাজিক প্রকল্পগুলির মধ্যে অন্যতম সবুজসাথী। রাজ্যের সব জেলায় সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা এই প্রকল্পের সুবিধা পায়। ২০১৪ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, নবম শ্রেণিতে পাঠরত ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হবে। সেইমতো স্কুল তাদের আবেদনপত্র সংগ্রহ করে জমা দেয় সংশ্লিষ্ট দপ্তরে। এরপর সংশ্লিষ্ট দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ করে। জেলা থেকে সাইকেল পৌঁছয় ব্লকে, ব্লক থেকে স্কুলে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো ২০১৫ সাল থেকে সবুজসাথী প্রকল্পে সাইকেল বিলি চালু হয়। নির্দিষ্ট দিনে স্কুলে কিংবা ব্লক অফিসে এসে সাইকেল নিয়ে যান পড়ুয়ারা। প্রশাসনের দাবি, এই নিয়ে দশম পর্যায়ের সাইকেল বিলি হয়েছে। এখনও পর্যন্ত পুরুলিয়া জেলায় প্রায় পাঁচ লক্ষ ১৪হাজার ৬৬৭জন পড়ুয়া সবুজ সাথীর সাইকেল পেয়েছে।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ