নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন পুরুলিয়া শহরের ৯ নম্বর ওয়ার্ডের ঈদগা মহল্লার বাসিন্দারা। এদিন সকালে হাঁড়ি, কলসি, বালতি রাস্তার উপর রেখে বিক্ষোভ দেখান প্রায় ৫০ থেকে ৬০জন বাসিন্দা। তাঁদের অভিযোগ, ঈদগা মহল্লায় নিয়মিত পানীয় জল আসে না। একদিন জল এলে তারপর আবার কবে জল আসবে তারও ঠিক নেই। বাধ্য হয়ে বহু দূর থেকে জল বয়ে নিয়ে আসতে হয়। এনিয়ে দীর্ঘদিন ধরেই পুরসভার বিরুদ্ধে ক্ষোভ জমছিল। সোমবার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। বাসিন্দাদের অভিযোগ, বহুদিন আগেই বাড়ি বাড়ি জলের সংযোগ দেওয়া হয়েছিল। সেই কলে তো জলই আসে না। এমনকী পাড়ার ট্যাপেও জল আসে না নিয়মিত। স্থানীয় বাসিন্দা সাইনা পারভীন বলেন, গত সাত আট মাস ধরে এই সমস্যায় আমাদের ভুগতে হচ্ছে। রাজিয়া নাসরিন বলেন, এতদিন একদিন ছাড়া ছাড়া জল দিচ্ছিল। কিন্তু, এখন তাও বন্ধ হয়ে গিয়েছে। এনিয়ে পুরসভার চেয়ারম্যান নব্যেন্দু মাহালি বলেন, ওই এলাকা একটু উঁচু হওয়ায় টেকনিক্যালি সমস্যা রয়েছে। শিমুলিয়ার কাঁসাই নদীর কাছে যে পাম্প স্টেশন আছে, তার একটি পাম্প খারাপ হয়ে গিয়েছে।



