নিজস্ব প্রতিনিধি, বারাসত: পুরুলিয়ায় বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম আকাশ দাস (৩০)। তাঁর বাড়ি গোবরডাঙা পুরসভার দাসপাড়া এলাকায়। পাশাপাশি গুরুতর জখম অবস্থায় আরও দু’জনের চিকিৎসা চলছে হাসপাতালে। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে একটি বাস ও ছোট চার চাকার গাড়িতে আকাশ দাস সহ ৮০ জন পুরুলিয়া বেড়াতে যাচ্ছিলেন। পুরুলিয়া ঢোকার ঠিক আগে চার চাকার গাড়িটির সঙ্গে সংঘর্ষ হয় একটি ডাম্পারের। স্থানীয় বাসিন্দারা জখমদের উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে। সেখানে আকাশকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতের কাকিমা বলেন, ওই ছোট গাড়িটিতে থাকা আরও দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার খবর জানার পরই পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন পুরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত। তিনি বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে হাসপাতাল থেকে দেহ ময়নাতদন্ত করিয়ে দ্রুত বাড়িতে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।



