Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পরিকাঠামো নির্মাণের কাজ চলছে, বাড়ি বাড়ি জল দিতে আরও ৬ মাস

পরিকাঠামো নির্মাণের কাজ চলছে, বাড়ি বাড়ি জল দিতে আরও ৬ মাস
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বজবজ: পানীয় জল সংরক্ষণের জন্য ভূগর্ভস্থ ও একাধিক ওভারহেড জলাধার পরিকাঠামো তৈরির কাজ এখনও চলছে। ফলে বাড়ি বাড়ি যতটা জল দেওয়ার পরিকল্পনা ছিল, তা পূরণ করতে আরও ছ’মাস লেগে যাবে। বজবজ পুরসভার প্রশাসনিক সূত্রে একথা জানা গিয়েছে। মহেশতলা পুরসভার আকড়াতে পানীয় জলের প্রকল্প তৈরি হয়েছে। ওই প্রকল্প থেকে প্রতিদিন সাত মিলিয়ন গ্যালন জল সরবরাহ করা হবে বজবজ পুরসভাকে। ইতিমধ্যেই ওই প্রকল্প থেকে বজবজের সুভাষ উদ্যান পর্যন্ত জল সরবরাহের মূল পাইপ বসানো হয়েছে। কিন্ত সেই জল সংরক্ষণের জন্য চারটি ওভারহেড এবং একটি ভূগর্ভস্থ দুই মিলিয়ন গ্যালনের জলাধার তৈরি করতে হবে। বজবজ পুরসভা সূত্রে জানা গিয়েছে, সুভাষ উদ্যানেই দুই মিলিয়ন গ্যালন জলধারণের জন্য ওই ভূগর্ভস্থ জলাধার তৈরির কাজ চলছে। অন্যদিকে আরও নতুন চারটি ওভারহেড জলাধার তৈরি করতে হবে। ইতিমধ্যেই বজবজ পুর হাসপাতাল চত্বরের ভিতর একটি ওভারহেড জলাধারের কাজ শেষ। বাকি তিনটি ওভারহেড জলাধার ৬, ১৩ এবং ১৯ নম্বর ওয়ার্ডে তৈরি করা হবে। এজন্য সেই সব জায়গাতে মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে। পুরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত বলেন, ভূগর্ভস্থ জলাধারের ৫০ শতাংশ কাজ শেষ। আগে থেকে ছ’টি ওভারহেড জলাধার রয়েছে। তাতে নতুন একটি যোগ করে সাতটি হল। বাকি তিনটি হলে ওই সাত মিলিয়ন গ্যালন জল ধরে রাখার পরিকাঠামো সম্পূর্ণ হবে। আসলে রোজ পর্যায়ক্রমে দুই মিলিয়ন গ্যালন করে মোট সাত মিলিয়ন গ্যালন জল আসবে। প্রথমে এই দুই মিলিয়ন গ্যালন করে জল ভূগর্ভস্থ জলাধারে জমা হবে। সেখান থেকে জল চলে যাবে ওভারহেড জলাধারগুলিতে। চেয়ারম্যান বলেন, মহেশতলা থেকে রোজ সঠিক পরিমাণে জল আসছে কি না, তা পরিমাপ করতে একটি ফ্লোটিং মিটার বসানো হচ্ছে। মহেশতলা ও বজবজ সীমান্ত শ্যামপুরের কাছে সেই জায়গা চিহ্নিত করা হয়েছে। এজন্য টেন্ডারও ডাকা হয়েছে। এই সব কাজ চলার মধ্যেই প্রথম পর্যায়ে সাত হাজার বাড়িতে জলের সংযোগ দেওয়া হয়েছে। আরও নতুন করে পাঁচ হাজার দেওয়ার কাজ চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ