অমরাবতী: ‘সব মসজিদে মন্দির খোঁজা বরদাস্ত করা যায় না’। বিভিন্ন জায়গায়, বিশেষ করে উত্তরপ্রদেশে মন্দির খোঁজার নামে হিন্দুত্বের এই আস্ফালনের প্রেক্ষিতে সম্প্রতি এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। তাঁর এই হুঁশিয়ারি তোলপাড় ফেলে দিয়েছিল বিজেপির অন্দরে। এরইমধ্যে ধর্মের নামে নিগ্রহর বিরুদ্ধে বার্তা দিলেন ভাগবত। তিনি বলেন, ধর্ম সম্পর্কে যথার্থ জ্ঞানের অভাবই এধরনের অত্যাচার ও নিগ্রহ হয়ে থাকে। মহারাষ্ট্রের অমরাবতীতে ‘মহানুভব আশ্রমে’র শতবার্ষিকী অনুষ্ঠানে একথা বলেছেন সরসঙ্ঘচালক। তার বার্তা, ধর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার শিক্ষা যথাযথভাবে দেওয়া উচিত।
Advertisement
বিজেপির আমলে ধর্মীয় বিভাজনের রাজনীতি ও সংখ্যালঘুদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ঘিরে একাধিকবার আন্তর্জাতিক মহলে প্রশ্নের মুখে পড়তে হয়েছে মোদির ভারতকে। এই প্রেক্ষাপটেই ভাগবত বলেছেন, ধর্ম সম্পর্কে যথার্থ ও সম্পূর্ণ ধারণার অভাবই অধর্মের দিকে নিয়ে যায়। সারা বিশ্বেই ধর্মের নামে নিগ্রহ ও নিপীড়নের যে ঘটনাগুলি হচ্ছে। এর কারণ ধর্ম সম্পর্কে মানুষের ভুল ধারণা ও যথার্থ জ্ঞানের অভাব। তিনি আরও বলেছেন, ধর্ম চিরকালই রয়েছে। সবকিছু ধর্ম অনুসারেই কাজ করে। সেজন্য ধর্মকে ‘সনাতন’ বলা হয়।



