Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পরীক্ষার দিনগুলিতে গণদেবতা ও কবিগুরু থামবে লোহাপুরে

পরীক্ষার দিনগুলিতে গণদেবতা ও কবিগুরু থামবে লোহাপুরে
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট: আগামী কাল সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসবে ছাত্রছাত্রী। তাদের সুবিধার কথা মাথায় রেখে নলহাটির লোহাপুর স্টেশনে দু’টি এক্সপ্রেসে ট্রেনের অস্থায়ী স্টপেজ দেওয়ার কথা ঘোষণা করল পূর্ব রেল। একইভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে ওই দু’টি ট্রেন এই স্টেশনে এক মিনিটের জন্য থামবে। রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে। 
Advertisement
সোমবার থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ শুরু হবে পরীক্ষা। শেষ হবে দুপুর দুটোয়। রেল সূত্রে জানা গিয়েছে, রামপুরহাট ও নলহাটি থেকে লোহাপুর হয়ে আজিমগঞ্জের মধ্যে সাত জোড়া লোকাল ও দু’টি এক্সপ্রেস ট্রেন চলাচল করে। যদিও দুটি এক্সপ্রেসের স্টপেজ নেই এই স্টেশনে। সকালের দিকে নলহাটি হয়ে আজিমগঞ্জ যাওয়ার দুটি ট্রেন রয়েছে। লোহাপুরে থামে ভোর ৫টা বেজে ৫৫ মিনিটে। অপরটি সকাল ৯টা বেজে ৫০ মিনিটে। অপরদিকে আজিমগঞ্জ থেকে লোহাপুর আসার জন্য সকালের দিকে চারটি লোকাল রয়েছে। সেগুলি লোহাপুরে থামে যথাক্রমে ভোর পাঁচটায়, সকাল ৬টা ২০ মিনিটে, ৬টা  ৪০ মিনিটে ও দশটায়। বিশেষ করে ভিড়ে ঠাসা থাকে সকালের ট্রেনগুলি। নাজেহাল অবস্থা হয় যাত্রীদের। সেই কথা মাথায় রেখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে পরীক্ষার্থীদের সুবিধার্থে ১৩০১৭/১৩০১৮ হাওড়া আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস ও ১৩০২৮ আজিমগঞ্জ হাওড়া কবিগুরু এক্সপ্রেস ট্রেনের অস্থায়ী স্টপেজের কথা ঘোষণা করল রেল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১০ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত (১২, ১৩, ১৪, ১৬ ও ২১ ফেব্রুয়ারি বাদে) আপ ও ডাউনে গণদেবতা এক্সপ্রেস ও ডাউনে কবিগুরু এক্সপ্রেস এক মিনিটের জন্য লোহাপুর স্টেশনে দাঁড়াবে। একইভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় ৩ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত (৯, ১৪, ১৫, ১৬ মার্চ বাদে) ওই দু’টি ট্রেন লোহাপুর স্টেশনে থামবে। যদিও পরীক্ষার্থীদের খুব একটা সুবিধা হবে না বলে মনে করছেন ওই এলাকার তৃণমূল নেতা খুদরত এ খোদা। তিনি বলেন, গণদেবতা সকাল ১০টা বেজে ৩৭ মিনিটে লোহাপুর স্টেশন অতিক্রম করার কথা। কিন্তু প্রায়ই ট্রেনটি নির্দিষ্ট সময়ের পরে যায়। যদি ধরেও নিই সঠিক টাইমে ট্রেনটি লোহাপুরে থামবে, তাহলেও ৮ মিনিটের মধ্যে কেন্দ্রে পৌঁছতে পারবে না পরীক্ষার্থীরা। আবার আজিমগঞ্জ থেকে কবিগুরু ছেড়ে সকাল ৮টা ৪০ মিনিটে লোহাপুর অতিক্রম করে। সেক্ষেত্রে অনেক আগেই পরীক্ষার্থীদের চলে আসতে হবে। পরীক্ষার দিনগুলিতে রেল যদি দু’টি স্পেশাল লোকাল চালাত, তাহলে পরীক্ষার্থীদের খুবই সুবিধা হতো। 
অভিভাবকরাও বলেন, ১৪ নম্বর জাতীয় সড়কে নিত্য যানজট থাকে। ফলে নির্দিষ্ট সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো নিয়ে চিন্তা রয়েছে তাঁদের। রেল যদি পরীক্ষার সময় সূচি অনুযায়ী দু’টি লোকাল ট্রেনের সংখ্যা বৃদ্ধি করে, তাহলে খুবই উপকার হবে। অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জেলার জয়েন্ট কনভেনর অভিজিৎ নন্দনও বলেন, প্রত্যন্ত ওই এলাকায় যাতায়াতের সমস্যা রয়েছে। তার উপরে সড়কে যানজট থাকে। যদিও পরীক্ষার দিনগুলিতে যানজট সমাধানে ব্যবস্থা নেবে প্রশাসন। তবুও রেল যদি দু-একটি লোকাল ট্রেন চালায়, তাহলে আরও সুবিধা হবে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ